গুচি, ব্যালেন্সিয়াগার মতো বিলাশবহুল ব্র্যান্ডের জন্য সুপরিচিত প্রতিষ্ঠান কেরিংয়ের গ্রাহকতথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। কেরিং জানিয়েছে, চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে ক্রেতাদের নাম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বাড়ির ঠিকানা এবং বিশ্বজুড়ে দোকানে খরচ করা তাদের মোট অর্থের তথ্য। তবে ক্রেডিট কার্ডের নম্বর চুরি হয়নি বলে নিশ্চিত করেছে কোম্পানিটি। খবর টেকক্রাঞ্চ।
কেরিং আরো জানিয়েছে, হ্যাকিংয়ের পেছনে থাকা দলের নাম শাইনিহান্টার্স। ৭৮ লাখ ইমেইল ঠিকানার সঙ্গে যুক্ত তথ্য চুরি করেছে বলে দাবি তাদের। কেরিং এরইমধ্যে প্রভাবিত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেছে।
কেরিং একটি ফরাসি বহুজাতিক প্রতিষ্ঠান। কোম্পানিটি লাক্সারি ফ্যাশন ও অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের মালিক এবং পরিচালনাকারী। মূলত গুচি, ব্যালেন্সিয়াগা ও আলেকজান্ডার ম্যাককুইনের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর ডিজাইন, উৎপাদন, বিপণন এবং বিক্রয় সংক্রান্ত সব ব্যবসা পরিচালনা করে প্রতিষ্ঠানটি।










