মাইক্রোসফট তাদের জেনারেটিভ এআই সহকারী কোপাইলটে নতুন ফিচার চালু করেছে। কোপাইলট অ্যাপিয়ারেন্স নামে এ ফিচারের মাধ্যমে কোপাইলট এখন অদৃশ্য কণ্ঠস্বরের পরিবর্তে একটি দৃশ্যমান অবয়বে রূপ নেবে। এতে থাকবে হাসি, মাথা নাড়াসহ মুখাবয়বের বিভিন্ন অভিব্যক্তি। খবর ইন্ডিয়া টুডে।
মাইক্রোসফট জানিয়েছে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের কোপাইলটের সঙ্গে আরো প্রাণবন্ত কথোপকথনের সুযোগ দেবে। প্রাথমিকভাবে এটি কোপাইলট ল্যাবের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং শুধু ওয়েব সংস্করণে ব্যবহার করা যাবে।
ভয়েস মোডে কোপাইলটের মাইক্রোফোন আইকনে ক্লিক করে ‘কোপাইলট অ্যাপিয়ারেন্স’ টগল চালু করলেই এ ফিচার ব্যবহার করা যাবে। এটি ব্যবহারকারীর কণ্ঠস্বরের জবাবে হালকা হাসি, সম্মতি জানানোর মাথা নাড়া এবং প্রাণবন্ত আচরণ করবে। এছাড়া মেমোরি আপগ্রেডের মাধ্যমে কোপাইলট এখন চলমান কথোপকথনও স্মরণ রাখতে পারবে।
এ বিষয়ে মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলাইমান সম্প্রতি দ্য কলিন অ্যান্ড সামির শোতে বলেন, ‘কোপাইলটের একটি স্থায়ী পরিচয় থাকবে, তার নিজস্ব উপস্থিতি থাকবে, এমনকি একটি ডিজিটাল ঘরও থাকবে যেখানে এটি থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে এর বয়সও বাড়বে। কোপাইলটকে কেবল চ্যাটবট নয়, বরং একটি ডিজিটাল সঙ্গী হিসেবে গড়ে তোলা হচ্ছে।’
মাইক্রোসফট এর আগেও সফটওয়্যারকে মানবিক রূপ দেয়ার চেষ্টা করেছে। তাদের বিখ্যাত ক্লিপি ফিচারটি ব্যবহারকারীদের সাহায্য করত। যদিও অনেকেই সেটিকে বিরক্তিকর বলে মনে করতেন, তবে কোপাইলটের নতুন ফিচার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো উন্নত হয়েছে।
বর্তমানে ফিচারটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।










