যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ কর্মীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চালু করেছে। টুলটি বছরের শেষে কর্মীদের পারফরম্যান্স রিভিউ বা মূল্যায়নের খসড়া তৈরি করতে সাহায্য করবে। এ উদ্যোগকে যুক্তরাষ্ট্রের করপোরেট জগতে এআই ব্যবহারের দ্রুত বিস্তারের আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
এখন থেকে জেপি মরগানের কর্মীরা নিজস্ব বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ব্যবহার করে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পটের মাধ্যমে পারফরম্যান্স রিভিউর খসড়া তৈরি করতে পারবেন। বড় প্রতিষ্ঠানে সাধারণত একজন কর্মীকে একাধিক মূল্যায়ন প্রতিবেদন লিখতে হয়, যা সময়সাপেক্ষ ও জটিল। এআই টুলের মাধ্যমে সে প্রক্রিয়াটি অনেক দ্রুত ও সহজ হবে।
বিশ্লেষকরা বলছেন, জেপি মরগানের এ উদ্যোগে এআইনির্ভর কাজের দক্ষতা বাড়ার সম্ভাবনা স্পষ্ট হয়েছে। তবে মানুষের লেখা ও মেশিননির্ভর লেখার মধ্যে পার্থক্য এখন ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে।
বস্টন কনসাল্টিং গ্রুপের সাম্প্রতিক তথ্যে বলা হয়েছে, এআই টুল ব্যবহারে কর্মীরা পারফরম্যান্স রিভিউ লেখার সময় ৪০ শতাংশ পর্যন্ত কমাতে পেরেছেন।
জেপি মরগান জানিয়েছে, তাদের কর্মীরা যেন এআই টুলটিকে কেবল রিভিউ লেখার প্রাথমিক সহায়ক হিসেবে ব্যবহার করেন। চূড়ান্ত প্রতিবেদন বা বেতনসংশ্লিষ্ট সিদ্ধান্তের জন্য এটি ব্যবহার করা যাবে না।
ব্যাংকটি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, ২০২৪ সালে চালু করা তাদের নিজস্ব এআই প্লাটফর্ম ‘এলএলএম সুইটে’ আট মাসের মধ্যেই দুই লাখ কর্মী যুক্ত হয়েছেন। এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির নিরাপদ বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।
বর্তমানে ব্যাংকটির সফটওয়্যার ডেভেলপাররা কোড পর্যালোচনায় এবং বিনিয়োগ ব্যাংকাররা উপস্থাপনা তৈরিতে এ টুল ব্যবহার করছেন। এমনকি আইনি বিভাগও চুক্তিপত্র বিশ্লেষণে নিজস্ব এআই প্রযুক্তি কাজে লাগাচ্ছে।
ব্যাংক খাতে প্রযুক্তিতে সর্বাধিক বিনিয়োগকারী জেপি মরগান ২০২৫ সালে ১ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেমি ডাইমন জানিয়েছেন, তারা প্রতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রায় ২০০ কোটি ডলার ব্যয় করেন।
তিনি বলেন, ‘ঝুঁকি ব্যবস্থাপনা, জালিয়াতি শনাক্তকরণ, বিপণন, ধারণা তৈরি ও গ্রাহকসেবাসহ সব ক্ষেত্রেই এখন প্রভাব ফেলছে এআই। আর এটি কেবল শুরু মাত্র। এআই এমন এক প্রযুক্তি, যা কিছু চাকরি বিলুপ্ত করবে, আবার নতুন সুযোগও তৈরি করবে।’










