কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাম্প্রতিক জোয়ারে প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও এখন সে ঘাটতি পুষিয়ে নিতে উদ্যোগ নিচ্ছে আইফোন ও ম্যাক নির্মাতা অ্যাপল। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির মতো নিজস্ব এআই চ্যাটবট তৈরির কাজ করছে বলে জানিয়েছেন অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান। খবর টেকক্রাঞ্চ।

মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, ‘অ্যান্সার ইঞ্জিন’ নামে অ্যাপলের নতুন এআই চ্যাটবটটি ইন্টারনেট থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে। প্লাটফর্মটি আলাদা একটি অ্যাপ হিসেবে আসতে পারে, অথবা সিরি, সাফারি ও অ্যাপলের অন্যান্য পরিষেবায় সার্চ ফিচারকে উন্নত করতেও ব্যবহার হতে পারে।

অ্যাপলের অভ্যন্তরে ‘অ্যান্সার্স, নলেজ অ্যান্ড ইনফরমেশন’ নামে একটি দল চ্যাটজিপিটির মতো এআই বট তৈরির কাজ পরিচালনা করছে। দলটির জন্য নতুন কর্মী নিয়োগও দিচ্ছে অ্যাপল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক এআই খাতে এখনো বড় কোনো প্রভাব ফেলতে পারেনি অ্যাপল। যদিও টেক জায়ান্টটি ২০২৪ সালে নিজস্ব এআই প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল। কিন্তু এরপর প্রতিষ্ঠানটি নিজেরাই প্রকাশ্যে স্বীকার করেছে যে, পরিকল্পনাটি বাস্তবায়নের কিছু জায়গায় ভুলের কারণে অ্যাপল এআই দৌড়ে পিছিয়ে পড়ে। এখন পর্যন্ত অ্যাপলের এআই সুবিধাগুলোর মধ্যে টেক্সট মেসেজ সারাংশের মতো ফিচারগুলো বেশ সাধারণ ও তেমন কার্যকর নয় বলেও মনে করেন অনেকে। ফলে এআই খাতে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাইলেও বড় ধাক্কা খাচ্ছে অ্যাপল।

এমনকি সম্প্রতি অ্যাপলের অন্তত চারজন শীর্ষস্থানীয় এআই গবেষক মেটার ‘সুপার ইন্টেলিজেন্স’ বিভাগে যোগ দিয়েছেন। এদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাপলের এআই বিভাগের প্রধান রুয়োমিং প্যাং।

অ্যাপল সিইও টিম কুক সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে অন্য যেকোনো কোম্পানি অধিগ্রহণে প্রস্তুত আছে প্রতিষ্ঠানটি।

অনেক অনেক বিনিয়োগকারীর প্রত্যাশা, অ্যাপল যেন দ্রুত বর্ধনশীল এআই সার্চ স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’ অধিগ্রহণ করে। এটি সিরিকে নতুনভাবে গড়ে তুলতে সহায়ক হতে পারে।