পেশাদারদের জন্য লিংকডইনের মতো নেটওয়ার্কিং প্লাটফর্ম চালু করছে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা ওপেনএআই। বিভিন্ন কোম্পানি এখানে চাকরির বিজ্ঞাপন দিতে পারবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেই চাকরির জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থীদের মিলিয়ে দেয়ার চেষ্টা করবে। খবর টেকক্রাঞ্চ।

ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ওপেনএআই জবস প্লাটফর্ম‘ নামের পরিষেবাটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে উন্মোচন করা হবে। কোম্পানির অ্যাপ্লিকেশনস বিভাগের সিইও ফিজি সিমো ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

ফিজি বলেন, ‘এ প্লাটফর্মের উদ্দেশ্য হলো কোম্পানিগুলোর প্রয়োজন আর কর্মীদের সক্ষমতার মধ্যে নিখুঁত মিল খুঁজে পেতে এআই ব্যবহার করা। এছাড়া ছোট ব্যবসা ও স্থানীয় সরকারি সংস্থাগুলোর জন্যও একটি আলাদা বিভাগ থাকবে। এখানে তারা এআই ক্ষেত্রে দক্ষ জনবল খুঁজে নিতে পারবে।‘

অনেকে বলছেন, নতুন পদক্ষেপের মাধ্যমে ওপেনএআই সরাসরি লিংকডইনের সঙ্গে প্রতিযোগিতা করবে, যা দীর্ঘদিন ধরে পেশাদার নেটওয়ার্কিং ক্ষেত্র দখল করে রেখেছে।

উল্লেখ্য, লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান ওপেনএআইয়ের প্রথম দিকের সমর্থকদের একজন ছিলেন। পাশাপাশি লিংকডইন হলো মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠান, আর মাইক্রোসফটই ওপেনএআইয়ের সবচেয়ে বড় বিনিয়োগকারী।

চ্যাটজিপিটি ছাড়াও নিজেদের কার্যক্রমের পরিধি বাড়ানোর চেষ্টা করছে ওপেনএআই। কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন, ফিজি সিমো শুধু চ্যাটবট নয়, আরও কয়েকটি অ্যাপ্লিকেশনের নেতৃত্ব দেবেন। এর মধ্যে রয়েছে চাকরির প্লাটফর্ম। এছাড়া কোম্পানিটি একটি ওয়েব ব্রাউজার ও সোশ্যাল মিডিয়া অ্যাপ নিয়েও কাজ করছে।