কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। যৌন হয়রানির অভিযোগে শুধু ইনস্টাগ্রাম থেকেই ৬ লাখ ৩০ হাজার অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। খবর এনডিটিভি।

মেটা জানিয়েছে, ১৩ বছরের নিচে শিশুদের নামে তৈরি যেসব অ্যাকাউন্ট বড়রা পরিচালনা করছিল, সেগুলো শনাক্ত করে সরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে যেসব অ্যাকাউন্ট থেকে ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করা হচ্ছিল, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছে আপত্তিকর মন্তব্যের কারণে। অনুপযুক্ত যোগাযোগের অভিযোগে মুছে দেয়া হয়েছে প্রায় পাঁচ লাখ অ্যাকাউন্ট।

মেটার উদ্যোগটি এমন সময়ে এসেছে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে চাপ বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় শিশু-কিশোরদের টার্গেট করে প্রতারণা, নগ্ন ছবি চাওয়া ও পরে তা দিয়ে ব্ল্যাকমেইলের মতো ঘটনা বেড়ে গেছে।