জরুরি প্রয়োজনে কম সময়ে বিশেষ একটি তথ্য দরকার। তথ্যের উৎস দীর্ঘ এক ভিডিও। কানে হেডফোন লাগিয়ে কাগজ-কলম নিয়ে বসে যাওয়া ছাড়া উপায় নেই নিশ্চয়ই! ভিডিও দেখা, থামা, পেছনে যাওয়া, আবার দেখা, কাগজে বা নোটপ্যাডে লেখা-এ প্রক্রিয়াকেই তো বলা হয় ভিডিও ট্রান্সক্রিপশন বা প্রতিলিপি, যা বেশ বিরক্তিকর ও ধৈর্যের কাজ। কাজটি যদি এক তুড়িতে হয়ে যেত, তাহলে ইন্টারনেট দুনিয়ায় বিশেষ করে ইউটিউবের অসংখ্য ভিডিওর আড়ালে প্রয়োজনীয় তথ্য সহজেই পাওয়া যেত। মেক ইউজ অবের প্রতিবেদনে তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল সম্পর্কে বলা হয়েছে যেগুলো ভিডিও ট্রান্সক্রিপশনের কাজকে করবে আরো সহজ।

গ্লাস্প

টুলটি হাইলাইটার হিসেবে বেশ জনপ্রিয়। ব্রাউজারের জন্য এক্সটেনশন রয়েছে, যা ইনস্টল করে নিলে যেকোনো ওয়েবসাইটের পছন্দমতো লেখা হাইলাইট বা আলাদা রঙে চিহ্নিত করা যায়। হাইলাইট অংশটুকু গ্লাস্পের অ্যাকাউন্ট থেকে যেকোনো সময়ে ওয়েব ঠিকানাসহ দেখা যাবে। গ্লাস্পের ভিডিও ট্রান্সক্রিপশন সুবিধাও রয়েছে। তবে তা শুধু ইউটিউবের ক্ষেত্রে কাজ করে। যেকোনো একটি ইউটিউব ভিডিও চালু করলে ঠিক ডান পাশে যেখানে অন্যান্য ভিডিও সাজেশন দেখানো হয় সেখানে ‘ট্রান্সক্রিপশন অ্যান্ড সামারি’ অপশন দেখাবে। ভিডিও দেখার পাশাপাশি অপশন থেকে নিচের দিকে করা তীর চিহ্ন নির্বাচন করলে সময় উল্লেখসহ ট্রান্সক্রিপশন দেখাবে। টুলটিতে সামারি বা সারসংক্ষেপ সুবিধাও রয়েছে, যার সাহায্যে পুরো ভিডিও না দেখে সারসংক্ষেপ করা গুরুত্বপূর্ণ অংশ দেখে নেয়া যাবে। এতে অনেক সময় বাঁচানো সম্ভব। 

ভিডিও ইনসাইটস

চ্যাটজিপিটির এ টুলের সাহায্যে ট্রান্সক্রিপশনের পাশাপাশি ভিডিও বিশ্লেষণের কাজ করা যায়। ভিডিওর সারসংক্ষেপ যেমন তৈরি করে, একইভাবে ভিডিওর মেটা ডাটাও জানিয়ে থাকে ভিডিও ইনসাইটস। এমনকি ইউটিউব ভিডিওর মন্তব্যের ঘর থেকেও তথ্য দেখাতে সক্ষম টুলটি। পাশাপাশি সাবটাইটেলও তৈরি করতে পারে।

ভিডিও ইনসাইটসের চ্যাট অপশনে ভিডিওর লিংক দিয়ে প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিলে সে অনুসারে তথ্য দেখাবে। টুলটি কম্পিউটারে থাকা ভিডিও ফাইলের ক্ষেত্রেও কাজ করে। এজন্য ওয়েবসাইটে প্রথমে ভিডিওটি আপলোড করতে হবে। এরপর চ্যাটজিপিটির নির্দেশনা ঘরে ট্রান্সক্রিপশনের অনুরোধ জানাতে হবে।

৩৬০ কনভার্টার

টুলটি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ব্যবহার করা যায়। তবে অধিকাংশ ব্যবহারকারী বলেছেন যে অনলাইন মাধ্যমে সহজে ব্যবহার করা যায়। এজন্য ওয়েবসাইটে গিয়ে অনলাইন বা অফলাইনে থাকা যেকোনো ভিডিও নির্বাচন করতে হবে এবং যে ভাষায় ট্রান্সক্রিপশন প্রয়োজন তা জানিয়ে দিলেই একটু পর কাজ হয়ে যাবে। ট্রান্সক্রিপশন প্রয়োজনমতো ই-মেইল করা যাবে অথবা ওয়ার্ড বা পিডিএফসহ অন্যান্য ফরম্যাটে ডাউনলোড করা যাবে। ৩৬০ কনভার্টারের একটি ডেস্কটপ অফলাইন অ্যাপ্লিকেশন আছে। যারা অনলাইন নিরাপত্তার কথা চিন্তা করেন তাদের জন্য ভালো একটি অপশন হতে পারে। 

৩৬০ কনভার্টার বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে যাদের ঘন ঘন ব্যবহার করতে হয় তারা নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে বাধাহীন ব্যবহার করতে পারবেন।