ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান এক্সএআইয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাইক লিবারাটোর পদত্যাগ করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এপ্রিলে যোগদানের পর জুলাইয়ের শেষের দিকে পদত্যাগ করেছেন। খবর টেকক্রাঞ্চ।
লিবারাটোর এক্সএআইতে থাকাকালীন সময়ে তিনি কোম্পানির জন্য ৫০০ কোটি ডলারের ঋণের ব্যবস্থা করেছিলেন। এর পাশাপাশি তিনি ৫০০ কোটি ডলারের ইকুইটি তহবিলও সংগঠিত করেছিলেন, যার প্রায় অর্ধেক এসেছে মাস্কের স্পেসএক্স থেকে। তিনি মেমফিসে এক্সএআইয়ের ডেটা সেন্টারের সম্প্রসারণের তদারকিতেও যুক্ত ছিলেন।
লিবারাটোর আগে ও পরে প্রতিষ্ঠানটি থেকে একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। আগস্টে কোম্পানির জেনারেল কাউন্সিল রবার্ট কিল এবং সিনিয়র আইনজীবী রাঘু রাও পদত্যাগ করেন। কিল প্রায় এক বছর কাজ করার পর পরিবারকে সময় দেয়ার জন্য পদত্যাগ করেন। আর রাওয়ের পদত্যাগের কারণ প্রকাশ করা হয়নি।
এছাড়া এক্সএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিনও আগস্টে পদত্যাগের ঘোষণা দেন। তিনি নতুন করে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম শুরু করতে যাচ্ছেন যা কেবল এআইয়ের নিরাপত্তা গবেষণার ওপর মনোযোগ দেবে।
সম্প্রতি একাধিক কর্মকর্তার পদত্যাগের ফলে এক্সএআইয়ের চ্যাটবট গ্রোকে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বছরের শুরুতে গ্রোক কিছু বিতর্কিত মন্তব্য করেছিল, যেখানে অ্যান্টিসেমিটিক মন্তব্যও ছিল। এরপরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে গ্রোককে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে সংস্থাটি তাদের এলগরিদম ঠিক করে সমস্যাগুলো সমাধান করে।










