চলতি বছর জুনের শেষে ভারতে উন্মোচন করা হয় মেটা প্লাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মেটা এআই। এক মাসের মধ্যেই ফেসবুক হোয়াটসঅ্যাপের প্যারেন্ট কোম্পানি উদ্ভাবিত এ এআইয়ের সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে ভারত। খবর টেকক্রাঞ্চ।
কোম্পানিটি মনে করছে, এআই নিয়ে মেটার এ লক্ষ্য দ্রুত অর্জনকে সফল করেছে ভারতের বিপুলসংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। এ অল্প সময়ের মধ্যে ভারতের বাজার ধরতে পারাকে বড় মাইলফলক হিসেবে দেখছে কোম্পানিটি।
মেটার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সুসান লি বলছেন, মেটার এআই টুল চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীরা বিপুলসংখ্যক রিকোয়েস্ট করেছেন, অর্থাৎ এআইকে কোটি কোটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। কোম্পানিটি মেটা এআই ব্যবহারের ইতিবাচক ফলাফল পর্যবেক্ষণ করছে হোয়াটসঅ্যাপ ব্যবহারে। ব্যবহারকারীরা এ প্লাটফর্মে সক্রিয়ভাবে এআই ব্যবহার করছেন।
কোম্পানিটি গত বছর যুক্তরাষ্ট্রে মেটা এআই অ্যাসিস্ট্যান্ট উন্মোচন করে। ফিচারটি ইনস্টাগ্রাম, ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ওয়েবে রয়েছে। এছাড়া চলতি এপ্রিলে মেটা তার চ্যাটবট প্রযুক্তিকে নতুন লামা থ্রি মডেলে আপডেট করে উন্নত করে। এ আপগ্রেড চ্যাটবটে উন্নত ফিচার ও সক্ষমতা দিয়েছে, যা এটিকে আরো কার্যকর এবং পরিশীলিত করে তুলেছে বলে দাবি মেটার। ব্যবহারকারীদের উন্নত ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে চলতি বছর জুনে ভারতে এআই অ্যাসিস্ট্যান্ট চালু করে মেটা। এটি দেশটির ব্যবহারকারীদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুবিধা দেবে বলে জানায় কোম্পানিটি। নতুন এ সংযোজন ব্যবহারকারীদের অ্যাপ পরিবর্তন না করেও এআই ব্যবহারের সুযোগ দেয়।
কোম্পানিটি জানায়, মেটা এআই দিয়ে ব্যবহারকারীরা দৈনন্দিন বিভিন্ন টাস্ক ম্যানেজমেন্ট, ক্রিয়েটিভ প্রজেক্ট তৈরিসহ নতুন বিষয় শিখতে পারেন। যেমন হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা মেটা এআইয়ের মাধ্যমে ভালো রিভিউসহ রেস্তোরাঁ খুঁজে পেতে বা ভ্রমণের পরিকল্পনা তৈরি করতে পারেন। এছাড়া শিক্ষার্থীদের অনুশীলনমূলক পরীক্ষার প্রশ্ন তৈরি করতে এটি ব্যবহার করা যায়।
মেটার এক মুখপাত্র জানান, ভারতে মেটার এআই অ্যাসিস্ট্যান্ট চালুর মাধ্যমে ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েছে তারা।
মেটা এআইয়ের বাইরেও সামাজিক নেটওয়ার্কগুলোয় ইতিবাচক অগ্রগতি দেখছে কোম্পানিটি। যেমন থ্রেডস ব্যবহারকারী ২০ কোটির কাছাকাছি দাঁড়িয়েছে, যা গত মাসে ছিল সাড়ে ১৭ কোটি। কোম্পানিটি বলছে, এ প্রবৃদ্ধি ইঙ্গিত করে থ্রেডস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ও ব্যবহারকারীর বড় একটি অংশ অ্যাপটি ব্যবহারে আগ্রহী হচ্ছে। এর আগে গত বছর এক্সের প্রতিদ্বন্দ্বী প্লাটফর্ম হিসেবে উন্মোচন হয় থ্রেডস। এরপর এক সপ্তাহেরও কম সময়ে অ্যাপটিতে প্রায় ১০ কোটি ব্যবহারকারী যুক্ত হয়।
টেকক্রাঞ্চ বলছে, মেটা ভারতের বাজারে এআই নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মেটা এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে বেশির ভাগ ভারতীয় পুরুষের তৈরি করা ছবিতে পাগড়ি পরা দেখিয়েছে, যা সবসময় ভারতীয় জনগণকে প্রতিফলিত করে না। এ সমস্যাগুলো মোকাবেলার জন্য পরবর্তী সময় মেটা তার এআই আপডেট করে। মেটা এআই বর্তমানে আটটি ভাষায় আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, একুয়েডর, মেক্সিকোসহ ২২টি দেশে রয়েছে।










