ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে গুগলের বিরুদ্ধে মামলা করেছে রোলিং স্টোন, বিলবোর্ড ও ভ্যারাইটির মালিক পেনস্কে মিডিয়া করপোরেশন। মামলায় অভিযোগ করা হয়েছে, গুগল তাদের সংবাদ সামগ্রী অনুমতি ছাড়া ব্যবহার করে এআইভিত্তিক সংক্ষিপ্তসার বা “এআই ওভারভিউ” তৈরি করছে, যা সার্চ ফলাফলের শীর্ষে দেখানো হচ্ছে। খবর রয়টার্স।
পেনস্কে মিডিয়ার অভিযোগ, গুগলের সার্চ ইঞ্জিন বাজারে প্রায় ৯০ শতাংশ আধিপত্য থাকার কারণে প্রকাশকরা বাধ্য হয়ে তাদের কনটেন্ট এআই সামারিতে ব্যবহার করতে দিতে হয়। অন্যথায়, গুগলকে প্রকাশকদের কাজ ব্যবহার করার জন্য অর্থ দিতে হতো।
মামলার তথ্য অনুযায়ী, বর্তমানে গুগলে পেনস্কে মিডিয়ার ওয়েবসাইটের প্রায় ২০ শতাংশ সার্চ রেজাল্টে এআই ওভারভিউ দেখানো হচ্ছে। এ হার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে কোম্পানির অ্যাফিলিয়েট আয় ২০২৪ সালের শেষের তুলনায় এক-তৃতীয়াংশের বেশি হ্রাস পেয়েছে।
গুগল মামলার জবাবে জানিয়েছে, এআই ওভারভিউ ব্যবহারকারীদের জন্য সহায়ক এবং এটি আরো বেশি ও বৈচিত্র্যময় ওয়েবসাইটে ট্রাফিক পাঠায়। গুগলের মুখপাত্র বলেন, ‘এআই ওভারভিউ ব্যবহার করে মানুষ সার্চকে আরো কার্যকর মনে করছে। এটি নতুন কনটেন্ট আবিষ্কারের সুযোগ তৈরি করছে। আমরা এই অযৌক্তিক অভিযোগের বিরুদ্ধে আত্মরক্ষা করব।’
এ মামলা গুগলের বিরুদ্ধে এআই সংক্রান্ত আইনি চ্যালেঞ্জের তালিকায় নতুন সংযোজন। বছরের শুরুতে অনলাইন শিক্ষার প্রতিষ্ঠান চেগও গুগলের বিরুদ্ধে মামলা করেছিল। তাদের অভিযোগ, গুগলের এআই সামারি মূল কনটেন্টের চাহিদা কমাচ্ছে এবং প্রকাশকদের প্রতিযোগিতার সুযোগ সীমিত করছে।
এ মামলা ডিজিটাল মিডিয়ার কনটেন্ট ব্যবহার ও প্রকাশকদের অধিকার নিয়ে চলমান বিতর্ককে আরো গুরুত্ব দিয়েছে।










