ইউটিউবের হাজারো ভিডিও সরিয়ে নিয়েছে গুগল। এসব ভিডিও গোপনে ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল বলে জানিয়েছে টেক জায়ান্টটি। ভিডিওতে সম্প্রতি এমন ম্যালওয়্যার পাওয়া গেছে, যা ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। খবর দ্য রেজিস্টার।

চেক পয়েন্টের গবেষকরা বলছেন, পুরো প্রক্রিয়া ‘ইউটিউব ঘোস্ট নেটওয়ার্ক’ নামের প্রতারণামূলক ব্যবস্থাকে কাজে লাগিয়ে কিছু ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করেছে। এরপর সে অ্যাকাউন্ট ব্যবহার করে ক্র্যাকড সফটওয়্যার বা গেম হ্যাকের তথ্য দেয়ার নাম করে টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিল।

২০২১ সাল থেকে চলা এ ইউটিউব ম্যালওয়্যার অভিযান চলতি বছর মাত্রাতিরিক্ত হয়ে ওঠে। গত বছরের তুলনায় ক্ষতিকর ভিডিওর সংখ্যাও তিন গুণ বেড়েছে। গুগলের সঙ্গে কাজ করে চেক পয়েন্ট এখন পর্যন্ত তিন হাজারের বেশি ম্যালওয়্যারযুক্ত ভিডিও প্লাটফর্ম থেকে সরিয়েছে। বিশেষজ্ঞরা একে ইউটিউবের সবচেয়ে বড় ম্যালওয়্যার অভিযানগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন।

চেক পয়েন্ট জানায়, ‘ঘোস্ট নেটওয়ার্ক’ হাজার হাজার ভুয়া ও হাইজ্যাক করা অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করেছিল। ফলে ক্ষতিকর কনটেন্ট বিশ্বাসযোগ্য মনে হয়। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট থেকে টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়।