চীনে উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘ওয়ান প্লাস ১৫’-এর বৈশ্বিক উন্মোচনের তারিখ ঘোষণা করেছে ওয়ান প্লাস। কোম্পানিটি জানিয়েছে, ১৩ নভেম্বর বিশ্বব্যাপী ফোনটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। খবর পকেট-লিন্ট।

ওয়ান প্লাসের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানটি ওয়ান প্লাসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। সেখানেই ফোনটির বৈশ্বিক মূল্য, বৈশিষ্ট্য ও বিভিন্ন দেশে প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

চীনে এরই মধ্যে উন্মোচিত ওয়ান প্লাস ১৫ ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এলাইট জেন ৫ চিপসেট। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে—আল্ট্রাভায়োলেট, ইনফিনিট ব্ল্যাক ও স্যান্ড স্টর্ম। তবে বৈশ্বিক সংস্করণে স্টোরেজ, র‍্যাম বা ব্যাটারির আকারে কিছুটা পরিবর্তন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, নতুন ফোনে পাওয়া যাবে দ্রুত পারফরম্যান্স এবং আরো ভালো এআই ফিচার, যা চলবে অক্সিজেনওএস ১৬ অপারেটিং সিস্টেমে। নতুন ‘ডিটেইলম্যাক্স ইঞ্জিন’ নামের নিজস্ব ফটোগ্রাফি প্রযুক্তির কারণে দিন বা রাত যেকোনো সময়েই তোলা যাবে পরিষ্কার ও উজ্জ্বল ছবি।

ফোনটি নিয়ে আগ্রহীদের জন্য আগাম অফারও ঘোষণা করেছে ওয়ান প্লাস। যেমন যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা ওয়ান প্লাস ১৫-এর আপডেট নোটিফিকেশনে সাবস্ক্রাইব করলে ৫০ ডলার ছাড় পাবেন।

নকশার দিক থেকেও এবার বড় পরিবর্তন এনেছে ওয়ান প্লাস। আগে যেখানে বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল ছিল, এবার সেখানে রাখা হয়েছে আইফোনের মতো বর্গাকৃতি ক্যামেরা আইল্যান্ড। এর মধ্য দিয়ে ওয়ান প্লাস ও সুইডিশ ক্যামেরা নির্মাতা হাসেলব্লাডের সহযোগিতারও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

ওয়ান প্লাস ১৫-এর মাধ্যমে কোম্পানিটি বৈশ্বিক স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চায়। নতুন এ ডিভাইসের মাধ্যমে গ্রাহকেরা একসঙ্গে পেতে যাচ্ছেন শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক নকশা ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়।