বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারে সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। এ সময় অনেকেই মাধ্যমটিতে লগইন করতে পারছেন না বলে অভিযোগ করেন ডাউনডিটেক্টর নামে ওয়েবসাইটে। এক ঘণ্টার চেয়েও কম সময় স্থায়ী হওয়ার পর সমস্যাটির সমাধান হয়। খবর রয়টার্স।  

ডাউনডিটেক্টরের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা বন্ধ বা ব্যাঘাত সম্পর্কিত তথ্য তাৎক্ষণিক জানা যায়। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে ওয়েবসাইটটিতে এক্স ব্যবহারে সমস্যাসংক্রান্ত প্রায় ৫০০টি অভিযোগ আসে। রাত ১১টা ১৮ মিনিটে বিভ্রাট সবচেয়ে বেশি হয়েছিল। তখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাড়ে ৩৬ হাজারেরও বেশি অভিযোগ আসে।

রাত ১১টা ২০ মিনিটে কানাডা ও যুক্তরাজ্য থেকে যথাক্রমে ৩ হাজার ৩০০ ও ১ হাজার ৬০০টি অভিযোগ থেকে কমে উভয় দেশে ১০০টির নিচে নেমে আসে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবহারকারীরাও সমস্যার কথা জানান। অভিযোগগুলো বেশির ভাগ আসে দুবাই ও আবুধাবি থেকে। অভিযোগের ৬০ শতাংশ জানান, তারা মাধ্যমটির ফিড ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০ শতাংশ অভিযোগ ছিল লগইনে জটিলতার এবং বাকি ২০ শতাংশ জানিয়েছেন পোস্ট করার সময় সমস্যা হয়েছে।

ঠিক কী কারণে মাধ্যমটিতে বিভ্রাট দেখা দিয়েছিল তা এখনো জানা যায়নি। বিষয়টি সম্পর্কে রয়টার্স জানতে চাইলে এক্সের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।