টিকটক, ইনস্টাগ্রাম, এক্সের (সাবেক টুইটার) মতো প্লাটফর্মগুলোয় ব্যবহারকারীরা প্রায়ই বিভিন্ন মুভি বা টিভি শোর আকর্ষণীয় ক্লিপ শেয়ার করেন। সমস্যা হলো অনেকেই সেগুলোর নাম বা অন্যান্য বিস্তারিত বলেন না বা ট্যাগ করেন না। অন্য ব্যবহারকারীরা তখন কমেন্ট সেকশন থেকে নাম জানার চেষ্টা করতে থাকেন। ফলে ওই ক্লিপের রিচ বাড়ে। এ বিড়ম্বনা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে ‘টিকটক স্পটলাইট’ নামে একটি ফিচার আনছে টিকটক। 

টিকটক স্পটলাইট ফিচারের আওতায় টিকটকের অ্যালগরিদম সংশ্লিষ্ট ক্লিপের সঙ্গে অন্য আরেকটি অ্যাংকর লিংক জুড়ে দেবে। ওই লিংকে ক্লিক করে ব্যবহারকারীরা টিভি শো বা সিনেমার সারাংশ, অভিনেতা ও অন্যান্য তথ্য জানতে পারবেন। এমনকি কোন প্লাটফর্মে মুভি বা টিভি শোটি দেখাসহ প্রেক্ষাগৃহের টিকেট কাটার তথ্যও পাওয়া যাবে সেখানে। ফিচারটি কার্যকর করতে বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা স্টুডিওকে যুক্ত করার কথাও জানিয়েছে সোশ্যাল মিডিয়াটি। 

টিকটক বর্তমানে সিনেমা ও টিভি শো বিপণনের অন্যতম গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। তাই আগ্রহী ব্যবহারকারীরা যাতে তাদের পছন্দের সিনেমা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে পারেন বা সহজেই টিকিট কাটার তথ্য পেতে পারেন, সে চেষ্টা করছে টিকটক। মার্কিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হলিউডও এর উপকারভোগী হতে পারে। এছাড়া এ উদ্যোগে যুক্ত হওয়া স্টুডিওগুলোও নানা সুবিধা পাবে। স্টুডিওগুলোকে টিকটকের ‘এনগেজমেন্ট অ্যানালিটিকস’ ব্যবহারের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে টিকটক। প্লাটফর্মটির ভাষ্য, এর মাধ্যমে তারা এমন ক্রিয়েটরদের খুঁজে পাবে, যারা এ উদ্যোগকে সফল করতে পারবে।