ইউটিউব নতুন একটি ফিচার পরীক্ষা করছে যা প্লাটফর্মটিতে মিথ্যা ও ভুল তথ্য সংশোধন করতে সহায়তা করবে। এক্সে (আগের টুইটার) কমিউনিটি নোটস নামে এমন একটি সুবিধা রয়েছে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বলছে, ইন্টারনেটে অনেক ভুল ও বিভ্রান্তিকর তথ্য থাকে, আর তাই বিভিন্ন প্লাটফর্ম থেকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর টেক টাইমস।

টেক জায়ান্ট গুগল জানায়, তারা জুনে ফিচারটি আসার কথা ঘোষণা করেছিল। গুগলনাইনটুফাইভ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব যুক্তরাষ্ট্রে কিছু বিটা টেস্টারদের মধ্যে ফিচারটি পরীক্ষা করছে। 

ইউটিউব জানিয়েছে, যারা নতুন ফিচারের জন্য সাইনআপ করেছেন, তারা ভুল বা অস্পষ্ট ভিডিওগুলো সংশোধন বা স্পষ্ট করার জন্য নোট জমা দিতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের ভিডিওর নিচে ‘অতিরিক্ত সহায়ক তথ্য’ যুক্ত করতে বলা হচ্ছে। নোট জমা দেয়ার পর এটি পর্যালোচনা করা হবে ও অন্যান্য ব্যবহারকারীদের দ্বারাও রেট করা হতে পারে। এছাড়া ভিডিওতে একটি নোট তখনই প্রদর্শিত হবে, যখন এতে অনেক সংখ্যক ব্যবহারকারীর ইতিবাচক সাড়া পাওয়া যাবে। নোট প্রকাশিত হলে, যিনি এটি জমা দিয়েছেন তিনি একটি নোটিফিকেশন পাবেন। নোটগুলো কোনো বিভ্রান্তিকর বা অস্পষ্ট বিষয়বস্তুকে স্পষ্ট ও সংশোধন করতে সাহায্য করবে। এর লক্ষ্য হলো, ইউটিউবে আরো সচেতন ও নির্ভরযোগ্য সম্প্রদায় তৈরি করা।

ইউটিউব তাদের সাপোর্ট পেজে এ ফিচার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। নোট কীভাবে লিখতে হবে, কী লিখতে হবে এবং নোট প্রকাশ হওয়ার পর কী হবে সে বিষয় নির্দেশনা দেয়া আছে এ পেজে। এছাড়া বলা হয়েছে, নোটে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য দেয়া থেকে বিরত থাকতে ও সেই সঙ্গে তথ্যের উৎস বা সোর্স উল্লেখ করতে হবে। প্রোগ্রামটি শুধু ইনভাইটের ভিত্তিতে কাজ করছে। তবে ইউটিউব কীভাবে অংশগ্রহণকারীদের নির্বাচন করছে তা এখনো স্পষ্ট নয়। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি সম্ভবত এমন ব্যবহারকারীদের খুঁজছে যাদের বিভিন্ন বিষয়ে জ্ঞান রয়েছে ও যারা ইউটিউব কমিউনিটিতে অবদান রাখতে ইচ্ছুক।