চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের মার্কিন অংশ বিক্রি বা বন্ধ করার সময়সীমা আবারো বাড়াতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর বাড়তি সময়সীমা শেষ হওয়ার কথা। আইন অনুযায়ী বাইটড্যান্সকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে মার্কিন অংশ বিক্রি বা বন্ধ করার সময় দেয়া হয়েছিল। তবে ট্রাম্প এরই মধ্যে তিনবার সময়সীমা বাড়িয়েছেন।

গত মাসে ট্রাম্প বলেন, ‘‌টিকটক কেনার জন্য যুক্তরাষ্ট্রের কিছু ক্রেতা প্রস্তুত আছে এবং তিনি চাইলে সময়সীমা আরো বাড়াতে পারেন।’ সম্প্রতি সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা টিকটক নিয়ে এখনো আলোচনা করছি। এটা বন্ধও হতে পারে, আবার নাও হতে পারে। সবকিছু চীনের ওপর নির্ভর করছে।’ হোয়াইট হাউজ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, টিকটক চালু রাখার পদক্ষেপ থেকে বোঝা যায়, প্রশাসন প্রায় ১৭ কোটি মার্কিন নাগরিকের ব্যবহৃত অ্যাপটি হঠাৎ বন্ধ করার পক্ষে নয়।

ওয়াশিংটনের সমালোচকেরা অনেক দিন ধরে আশঙ্কা করে আসছেন, বেইজিং এ অ্যাপ ব্যবহার করে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি বা চাপ সৃষ্টি করতে পারে। তবে ট্রাম্প বারবার বলেছেন তিনি অ্যাপটি বন্ধ করতে চান না।

টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গতি ধীর। মূল কারণ টিকটকের অ্যালগরিদম যুক্তরাষ্ট্রের কোনো ক্রেতার কাছে হস্তান্তরের আগে বেইজিংয়ের অনুমোদন প্রয়োজন। এ বছরের শুরুতে টিকটকের মার্কিন কার্যক্রম আলাদা একটি কোম্পানি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হলেও চীনের আপত্তি ও নতুন মার্কিন শুল্ক ঘোষণার পর তা স্থগিত হয়।

রোববার স্পেনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং ও শীর্ষ আলোচক লি চেংগাংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে টিকটক নিয়ে আলোচনা হতে পারে। তবে ১৭ সেপ্টেম্বরের আগে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। নতুন করে সময়সীমা বাড়ানো হলে তা কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতাদের বিরক্তির কারণ হতে পারে।