যুক্তরাষ্ট্রে সম্প্রতি বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনা সম্পর্কে জানা গেছে। ব্যক্তিগত তথ্যসংবলিত প্রায় ২৭০ কোটি নথি একটি অনলাইন হ্যাকিং ফোরামে প্রকাশ করা হয়। ওইসব নথিতে ব্যক্তির নাম, সামাজিক সুরক্ষা নম্বর (এসএসএন), ঠিকানা, সম্ভাব্য ছদ্মনাম সংরক্ষণ করা হয়েছিল। ফাঁস হওয়া তথ্য ন্যাশনাল পাবলিক ডাটা নামে কোম্পানি থেকে এসেছে বলে অভিযোগ করা হয়েছে। অবশেষে কোম্পানিটি তথ্য ফাঁসের বিষয়টি নিশ্চিত করেছে। খবর টেক রাডার। 

ন্যাশনাল পাবলিক ডাটা ব্যাকগ্রাউন্ড ও অপরাধমূলক তথ্য যাচাইসহ বিভিন্ন কারণে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রি করে। তবে কোম্পানিটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ব্যক্তিদের বিশদ প্রোফাইল তৈরি করতে পাবলিক উৎস থেকে এসব তথ্য সংগ্রহ করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

ন্যাশনাল পাবলিক ডাটা নিশ্চিত করেছে যে তথ্য ফাঁসের ঘটনা ২০২৩ সালের ডিসেম্বরে হয় এবং তা প্রকাশ করা হয় চলতি বছরের এপ্রিলে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা তদন্ত করেছি এবং পরবর্তী তথ্য প্রকাশ্যে এসেছে।’