যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইকে স্টুডিও ঘিবলিসহ অন্যান্য জাপানি আর্টওয়ার্ক বা শিল্পকর্ম এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার নিয়ে কঠোরভাবে সতর্ক করেছে জাপানি প্রকাশকদের সংস্থা। জাপানের শীর্ষ মাঙ্গা ও অ্যানিমে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে, ওপেনএআইয়ের ভিডিও জেনারেশন টুল সোরা ২ অনুমতি ছাড়াই জাপানি কপিরাইটেড কনটেন্ট ব্যবহার করছে। খবর ইন্ডিয়া টুডে।
চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘিবলি স্টাইলের অনেক ছবি ভাইরাল হয়। তবে এসব ছবি জাপানের স্টুডিও ঘিবলি তৈরি করেনি; বরং এগুলো তৈরি হয়েছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং সোরা টুল ব্যবহার করে। এমনকি ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও তার প্রোফাইল ছবি ঘিবলি স্টাইলে পরিবর্তন করেছিলেন, যা ব্যাপক নজর কেড়েছিল।
এবার জাপানের বড় প্রকাশকদের প্রতিনিধিত্বকারী সংস্থা জাপানের কনটেন্ট ওভারসিজ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন (কোডা) ওপেনএআইকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা দাবি করেছে, ওপেনএআই যেন তাদের কনটেন্ট এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার বন্ধ করে। সংস্থাটি বলেছে, সোরা ২ দ্বারা তৈরি অনেক ভিডিও ও ছবি জাপানি ধাঁচের কাজের মতো দেখায়, যা কপিরাইট লঙ্ঘনের সম্ভাবনা তৈরি করে।
কোডা জানায়, অনুমতি ছাড়াই জাপানি কনটেন্ট ব্যবহার করা জাপানের কপিরাইট আইনের পরিপন্থী। ওপেনএআইয়ের সিস্টেম এমনভাবে তৈরি যা আগে থেকে কারো অনুমতি চায় না। বরং যদি কোনো কপিরাইটধারী চান তার কাজ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার না হোক, তাহলে তাকে নিজে থেকেই ওপেনএআইকে জানাতে হয়। জাপানের আইন অনুযায়ী, কনটেন্ট ব্যবহারের আগে অনুমতি নেয়া বাধ্যতামূলক।
সংস্থাটি ওপেনএআইকে তাদের সদস্য কোম্পানিগুলোর কাছ থেকে আসা অভিযোগের দ্রুত জবাব দিতে অনুরোধ করেছে। কোডা সতর্ক করেছে, এভাবে আইনের লঙ্ঘন অব্যাহত থাকলে জাপানের সৃজনশীল শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে আছে জনপ্রিয় অ্যানিমে, মাঙ্গাসহ অনন্য শিল্পকর্ম।
ওপেনএআইয়ের সোরা অ্যাপ এরই মধ্যে স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টসের মতো কপিরাইটেড চরিত্র ব্যবহার করে ভিডিও তৈরির কারণে সমালোচনার মুখে পড়েছে। তবে কোম্পানি এখনো জাপানের সর্বশেষ সতর্কবার্তার বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
এর আগেও ওপেনএআই বেশ কয়েকবার এমন অভিযোগের মুখোমুখি হয়েছে। ভারতের ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনসহ (ডিএনপিএ) বিভিন্ন দেশের মিডিয়াপ্রতিষ্ঠানও অভিযোগ করেছে, ওপেনএআই অনুমতি ছাড়া কপিরাইট করা উপাদান ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দিচ্ছে।









