এক টেরাবাইট ধারণক্ষমতার দুটি মডেলের মাইক্রো এসডি কার্ড উন্মোচন করেছে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। মেমোরি কার্ডের বাজারে এখন পর্যন্ত এক টেরাবাইট ধারণক্ষমতাই সর্বোচ্চ। ‘প্রো প্লাস’ ও ‘ইভো প্লাস’ মডেলের নতুন কার্ড দুটিতে ট্রিপল লেভেল সেলের (টিএলসি) অষ্টম প্রজন্মের ভি-ন্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং প্রযুক্তিটি আটটি স্তরে সংযুক্ত থাকবে। খবর কোরিয়া হেরাল্ড।

প্রো প্লাস ও ইভো প্লাস মডেলের কার্ড ২০১৫ সালে প্রথম বাজারে আনে স্যামসাং। মেমোরি কার্ডের বাজারে উচ্চ ধারণক্ষমতা, গতি ও টেকসই সক্ষমতায় এগিয়ে থাকতেই মডেল দুটি নিয়ে কাজ করেছে কোম্পানিটি। বর্তমানে আরো বেশি ধারণক্ষমতার দুটি মডেল বাজারে আনা হলো। 

স্যামসাংয়ের নতুন মেমোরি কার্ডে একসঙ্গে চার লাখ ৪কে আল্ট্রা এইচডি রেজল্যুশনের ছবি অথবা ৪৫টি কনসোল গেম রাখা যাবে। মূলত যারা কনটেন্ট তৈরি করেন বা প্রযুক্তি নিয়ে কাজ করেন, উচ্চ ধারণক্ষমতা ও গতির কারণে তাদের জন্য কার্ড দুটি উপযুক্ত হবে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। কারণ প্রো প্লাস ও ইভো প্লাস মডেল দুটির গতি যথাক্রমে ১৮০ ও ১৬০ মেগাবাইট/সেকেন্ড। 

টেকসই সক্ষমতার বেশ কয়েকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে কার্ড দুটিকে। পানি, উচ্চ তাপমাত্রা, এক্স-রে ও চৌম্বক ক্ষেত্রে পরীক্ষা করে দেখা হয়েছে। সব ক্ষেত্রেই সক্ষমতার প্রমাণ দিয়েছে প্রো প্লাস ও ইভো প্লাস।