চলতি বছরের শেষের দিকে নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট চালু করতে যাচ্ছে চীনের স্টার্টআপ কোম্পানি ডিপসিক। চীনের হাংঝুভিত্তিক কোম্পানিটি এমন একটি সিস্টেম তৈরি করছে যা ব্যবহারকারীর কম নির্দেশনার মধ্যেই জটিল এবং বহু-ধাপের কাজ সম্পন্ন করতে পারবে। ডিপসিকের দাবি, নতুন এআই প্রযুক্তিটি নিজের করা আগের কাজের অভিজ্ঞতা থেকে শেখে, অর্থাৎ যা কিছু এটি আগে করেছে, তা বিশ্লেষণ করে ভবিষ্যতে একই বা সমজাতীয় কাজ আরো ভালোভাবে করতে সক্ষম। খবর গিজমোচায়না।

২০২৫ সালের শুরুতে আর১ এআই মডেল প্রকাশের মাধ্যমে বিশ্বব্যাপী নজর কাড়ে ডিপসিক।

এবারের নতুন প্রজন্মের এআই এজেন্টটি ৬০ লাখ ডলারে তৈরি হচ্ছে বলে জানা গেছে, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনির মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক কম খরচ। সাধারণত শক্তিশালী এআই মডেল তৈরি করতে অনেক বড় বাজেট এবং বিশাল ডাটাসেটের প্রয়োজন হয়। কিন্তু আর১ অনেক কম খরচে ও সীমিত ডাটা ব্যবহার করেও শক্তিশালী এআই তৈরি করতে সক্ষম হয়েছে। ডিপসিকের আলোচনায় আসার মূল কারণ ছিল এটি।

পরবর্তী সময় ভি৩.১ হালনাগাদ মডেলটি ডিপসিককে আরো শক্তিশালী করেছে বলে দাবি কোম্পানিটির। এ মডেল একবারে বড় পরিমাণ তথ্য পরিচালনা করতে সক্ষম। পাশপাশি সব আউটপুটেই বাধ্যতামূলকভাবে লেখা থাকে যে এটি এআই দ্বারা তৈরি।