যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যামাজনের এক সফটওয়্যার প্রকৌশলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে, তিনি কোম্পানির ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক এবং প্রজেক্ট নিম্বাস নামে একটি ক্লাউড কম্পিউটিং প্রকল্পের বিরুদ্ধে কোম্পানির অভ্যন্তরীণ চ্যানেলগুলোয় পোস্ট করেছেন। খবর সিএনবিসি।
সিয়াটলে অ্যামাজনের হোল ফুডস বিভাগে কর্মরত ফিলিস্তিনি ইঞ্জিনিয়ার আহমেদ শাহরুরকে গত সোমবার এক ই-মেইলের মাধ্যমে বরখাস্তের খবরটি জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, কোম্পানির অভ্যন্তরীণ স্ল্যাক চ্যানেলগুলোয় ইসরায়েলের সঙ্গে অ্যামাজনের সংযোগ নিয়ে সমালোচনামূলক বার্তা পোস্ট করার কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে বেতনসহ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শাহরুর তার পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘অ্যামাজন ইসরায়েলি সরকারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম, ডাটা সেন্টার ও অন্যান্য অবকাঠামো সরবরাহ করছে।’
প্রজেক্ট নিম্বাস নামে একটি প্রকল্পে অ্যামাজন ও গুগল যৌথভাবে ১২০ কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে। বিষয়টি নৈতিক দ্বন্দ্বের কারণ হয়ে উঠেছে উল্লেখ করে শাহরুর অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসিওসহ অন্যান্য কর্মকর্তাকে একটি চিঠি পাঠিয়েছেন এবং কোম্পানিকে প্রকল্পটি বাতিল করার আহ্বান জানিয়েছেন।
অ্যামাজনের মানবসম্পদ বিভাগের একজন প্রতিনিধি জানিয়েছেন, শাহরুরের পোস্টগুলোয় কোম্পানির একাধিক নীতি লঙ্ঘন হতে পারে এবং এ ঘটনা তদন্তাধীন রয়েছে। তবে কোম্পানি স্পষ্ট করে জানায়নি কোন নীতি লঙ্ঘিত হয়েছে। এরই মধ্যে কোম্পানির ই-মেইল ও টুলগুলো থেকে শাহরুরের অ্যাকসেস বন্ধ করে দেয়া হয়েছে এবং তার স্ল্যাক পোস্টগুলো মুছে ফেলা হয়েছে।
অ্যামাজন এখন পর্যন্ত ইসরায়েলি সরকারের সঙ্গে কাজের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। কোম্পানি শুধু বলেছে যে তারা গ্রাহকদের যেখানে ইচ্ছা প্রযুক্তি সরবরাহ করে। শাহরুর অভিযোগ, অ্যামাজন ফিলিস্তিনি সমর্থকদের চুপ করাতে পদক্ষেপ নিয়েছে। গাজার সংঘর্ষ নিয়ে ‘আরাবস অ্যাট অ্যামাজন’ স্ল্যাক চ্যানেলে করা পোস্টগুলো মুছে ফেলা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের নিয়ে করা সমালোচনামূলক পোস্টগুলো রেখে দিয়েছে।
শাহরুর স্থগিতাদেশ আন্তর্জাতিক রাজনৈতিক সংকটের মধ্যে করপোরেট অংশগ্রহণ এবং কর্মীদের মত প্রকাশের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অ্যামাজন কীভাবে কর্মীদের উদ্বেগ ও জনসাধারণের প্রশ্নের মোকাবেলা করবে তা দেখার বিষয়।










