স্মার্টফোন বাজারে আবারো ফেরার ইঙ্গিত দিচ্ছে নকিয়া। সম্প্রতি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বার্তায় সম্ভাব্য অংশীদার খোঁজার আহ্বান জানানো হয়েছে। তবে সে পোস্ট পরে সরিয়ে নেয়া হয়। ফলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে নকিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। খবর গিজমোচায়না।

নকিয়ার একজন কমিউনিটি ম্যানেজার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের ফোরামে একটি পোস্টে লেখেন, বড় আকারের মোবাইল নির্মাতারা চাইলে নকিয়ার সঙ্গে অংশীদার হতে পারেন। আগ্রহীদের জন্য একটি লিংকও দেয়া হয় সেখানে। কিন্তু পোস্টটি কিছু সময় পর মুছে ফেলা হয়।

বিশ্লেষকদের মতে, রেডিটে এমন বার্তা পোস্ট করা অপেশাদার হলেও প্রতিষ্ঠানটি প্রকাশ্যেই এমন বার্তা দিলে তা অবশ্যই নতুন পরিকল্পনারই ইঙ্গিত দেয়।

বর্তমানে নকিয়া বাজারে টিকে আছে ফিচার ফোন নিয়ে। পুরনো মডেল ৩৩১০ নতুনভাবে এনে কিছুটা আগ্রহ তৈরি করলেও স্মার্টফোন খাতে তাদের পথচলা ছিল ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবালের সঙ্গে চুক্তির মাধ্যমে। ২০২৬ সালে এ চুক্তির মেয়াদ শেষ হবে। এরই মধ্যে এইচএমডি জানিয়েছে, তারা নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করতে আগ্রহী।

তাই এমন বাস্তবতায় নতুন অংশীদার খুঁজছে নকিয়া। একসময় নকিয়ার স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন বা উইংটেক আবারো নকিয়ার সম্ভাব্য অংশীদার হতে পারে বলে মনে করছেন অনেকে।

এইচএমডির অধীনে তৈরি টেকসই ফোন যেমন নকিয়া এক্সআর২১ কিছুটা পরিচিতি পেলেও সফটওয়্যার ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে সমালোচিত হয়। ফলে নতুন অংশীদারত্ব নকিয়ার ভাবমূর্তি বদলাতে সহায়ক হতে পারে।

রেডিটের পোস্টটি স্বল্পস্থায়ী হলেও প্রযুক্তি বিশ্লেষকদের মতে এটি একটি বড় বার্তা।