ব্রাজিলে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকরের কথা বলেছে প্লাটফর্মটি। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস সেন্সরশিপের আদেশ দিয়ে বলেন, ‘ব্রাজিলে এক্সের প্রতিনিধি যদি সেই আদেশ না মানেন তবে তাকে গ্রেফতার করা হবে।’ মূলত এ আদেশের পরিপ্রেক্ষিতেই ব্রাজিলে ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছে এক্স। খবর বিবিসি।
ব্রাজিলের সুপ্রিম কোর্ট অবশ্য এ ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ব্রাজিলের মানুষ এখনো এক্স ব্যবহার করতে পারছেন বলে শনিবার (১৭ আগস্ট) জানিয়েছিলেন ধনকুবের ইলোন মাস্কের প্লাটফর্ম এক্স।
বেশকিছু এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ এনেছিলেন মোরায়েস। অধিকাংশ অ্যাকাউন্টই ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থক। তদন্ত চলাকালীন অ্যাকাউন্টগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মোরায়েস। তাছাড়া প্লাটফর্মটি মোরায়েসের আদেশ সম্পূর্ণভাবে মেনে না নিলে প্রতিদিন ১ লাখ রেইস বা ১৯ হাজার ৭৭৪ ডলার জরিমানা করা হবে। সেই সঙ্গে ব্রাজিলে এক্সের প্রতিনিধির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বলেও মোরায়েস স্বাক্ষরিত এক নথি প্রকাশ করেছে এক্স। ন্যায়বিচারে বাধাদানের জন্য এক্সের প্রধান নির্বাহী ইলোন মাস্ককেও তদন্তের আওতাধীন রেখেছেন মোরায়েস। এ পরিস্থিতিতে কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে এক্স এক বিবৃতিতে বলেছে, আমরা গভীরভাবে দুঃখিত যে আমাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে। এর দায় শুধু ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েসের ওপর বর্তায়।










