চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যার প্রকল্পে কাজ করার কথা জানিয়েছেন অ্যাপলের সাবেক ডিজাইনার জনি আইভ। নিউইয়র্ক টাইমসে আইভ সম্পর্কে একটি প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অবশ্য প্রায় এক বছর আগেই তাদের সম্ভাব্য অংশীদারত্ব সম্পর্কে আলোচনা তৈরি হয়েছিল। খবর দ্য ভার্জ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এখনো প্রকল্পটির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। জনি আইভ এয়ারবিএনবির সিইও ব্রায়ান চেস্কির মাধ্যমে স্যাম অল্টম্যানের সঙ্গে দেখা করেছিলেন। এ প্রকল্পের অর্থায়ন করছেন আইভ নিজেই ও লরেন পাওয়েল জবসের কোম্পানি এমারসন কালেকটিভ। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রকল্পটি এ বছরের শেষ নাগাদ ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারে।










