ওয়েব ব্রাউজার অপেরা বেটা পরীক্ষার কয়েক সপ্তাহ পর আইওএসের জন্য তাদের পুনরায় ডিজাইন করা অপেরা ওয়ান ব্রাউজারটি চালু করছে। নতুন সংস্করণে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন করে ডিজাইন করা বেশকিছু আপডেট রয়েছে, যেমন সহজে অ্যাকসেসের জন্য সার্চ বারটি এখন স্ক্রিনের নিচে অবস্থিত। এছাড়া টাইপ করার সঙ্গে সঙ্গে দ্রুত সার্চ সাজেশন দেবে ব্রাউজারটি। সেই সঙ্গে ব্রাইজিংয়ের সময় এআই অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কাজে সহায়তাও করবে। খবর টেকক্রাঞ্চ।

নতুন অপেরা ওয়ান ব্রাউজারে সহজে অ্যাকসেসের জন্য ডিফল্টরূপে স্ক্রিনের নিচে একটি সার্চ বার রয়েছে। তবে ব্যবহারকারী চাইলে অন্যান্য নেভিগেশন স্টাইল, যেমন স্ট্যান্ডার্ড নেভিগেশন বা ফাস্ট অ্যাকশন বাটন স্টাইলে পরিবর্তন করতে পারবেন। ব্যবহারকারী আইওএসে স্পটলাইট সার্চে যেভাবে অ্যাকসেস করেন, তার অনুরূপ সার্চ বারটি আনতে স্ক্রিনে নিচের দিকে সোয়াইপ করতে পারেন। এর ফলে ব্যবহারকারী পছন্দ অনুযায়ী তার ব্রাউজারটি কাস্টমাইজ করতে পারবেন।

কোম্পানিটি বলেছে, তারা ব্রাউজারে নকশাও সামান্য পরিবর্তন করেছে। এছাড়া অপেরা তাদের পুরনো নিউজফিডকে একটি নতুন ক্যারোজেল ভিউয়ে আপডেট করছে, যেখানে পারসোনালাইজড খবর, লাইভ স্কোর ও পণ্যের টিপস থাকবে। কোম্পানিটি গত বছরের মে মাসে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট আরিয়া উন্মোচন করে। আরিয়া হলো অপেরার এআই অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট যা প্রশ্নের উত্তর দিতে, প্রোগ্রামিংয়ের কোড লিখতে ও ইমেজ জেনারেট করতে একাধিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে থাকে। এটি ডেস্কটপের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্যও রয়েছে। এটি প্রথমে তাদের ওয়েব ব্রাউজারে পাওয়া যায় ও পরবর্তী সময় আগস্টে আইওএস ডিভাইসে আসে। নতুন অপেরা ওয়ান আপডেটে ভয়েস কমান্ড বোঝার সক্ষমতা দেয়া হয়েছে আরিয়াকে। এমনকি যা জিজ্ঞাসা করা হবে, তার ওপর ভিত্তি করে ছবি তৈরি করতে পারে এটি। 

অ্যাপ অ্যানালিটিকস ফার্ম সেন্সর টাওয়ার জানিয়েছে, ২০২০ সাল থেকে আইওএসে অপেরা ব্রাউজারটি পাঁচ কোটি বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় অপেরার ডাউনলোড কমে গেছে, ২০২১ সালের ৫৮ শতাংশ থেকে তা ২০২৩ সালে নেমেছে ৪ শতাংশে।