ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বন্ধ হওয়া, পোস্ট মুছে যাওয়াসহ বেশকিছু সমস্যার জন্য মানব পর্যালোচকদের (হিউম্যান রিভিউয়ার) ওপর দায় চাপিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। শুক্রবার এক থ্রেডস পোস্টে তিনি দাবি করেন, এসব সমস্যা ইনস্টাগ্রামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের ত্রুটির কারণে ঘটেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু কোম্পানি কিছু ভুল খুঁজে পেয়েছে, যেগুলো মানব পর্যালোচকদের কারণে ঘটেছে। খবর টেকক্রাঞ্চ।

মোসেরি বলেন, ‘‌পর্যালোচকরা কোনো কোনো পোস্টের প্রেক্ষাপট সম্পর্কে পর্যাপ্ত না জেনেই সিদ্ধান্ত নিচ্ছিলেন। এ কারণে ভুলবশত অনেক অ্যাকাউন্ট ও পোস্ট মুছে গেছে। ইনস্টাগ্রাম এ সমস্যার সমাধানে কাজ করছে, যাতে পর্যালোচকরা আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং কম ভুল করেন।

থ্রেডসে একটি মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘‌ইনস্টাগ্রামের কনটেন্ট পর্যালোচনার জন্য তৈরি আমাদের একটি টুলে ত্রুটি দেখা দিয়েছিল। যে কারণে মানব পর্যালোচকরা পোস্টগুলোর পর্যাপ্ত প্রেক্ষাপট জেনে নিতে পারছিলেন না। এটার দায় অবশ্যই আমাদের ওপর বর্তায়।’

কিছুদিন ধরে ইনস্টাগ্রামের বেশকিছু সমস্যা নেটিজেনদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, তাদের অ্যাকাউন্টকে ভুলভাবে ১৩ বছরের কম বয়সী হিসেবে চিহ্নিত এবং নিষ্ক্রিয় করা হয়েছিল। এ ধরনের সিদ্ধান্ত কীভাবে একজন মানব পর্যালোচক নিতে পারেন তা স্পষ্ট নয়। তাছাড়া দ্য ভার্জের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, বয়স যাচাইয়ের জন্য পরিচয়পত্র জমা দেয়া সত্ত্বেও কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ছিল।

এ বিষয়ে ইনস্টাগ্রাম জানায়, সব সমস্যা মানব পর্যালোচকদের ভুলের কারণে হয়নি। ত্রুটিপূর্ণ টুলের কারণেও হয়ে থাকতে পারে। অ্যাকাউন্টকে কম বয়সী হিসেবে চিহ্নিত করাসহ অন্যান্য সমস্যা নিয়ে তারা তদন্ত করছেন।

মোসেরি বলেন, ‘‌আমরা আরো নিরাপদ অভিজ্ঞতা দেয়ার চেষ্টা করছি। আমাদের আরো উন্নতির সুযোগ আছে। ব্যবহারকারীদের মতামত দিয়ে সহায়তার অনুরোধও জানাচ্ছি।’

অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া ছাড়াও কিছু ব্যবহারকারী তাদের পোস্ট ‘স্প্যাম’ হিসেবে চিহ্নিত হওয়া বা পোস্টের রিচ কমে যাওয়ার কথা জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রযুক্তি কলামিস্ট ওয়াল্ট মোসবার্গ থ্রেডসে জানান, তার পোস্টের লাইক সংখ্যা ১০০-১০০০ মধ্যে থাকলেও হঠাৎ করে তা শূন্য থেকে ২০-এ নেমে এসেছে।

সামাজিক মাধ্যম কৌশলবিদ ম্যাট নাভারাও জানান, ব্যবহারকারীরা তাদের ফলোয়ার বাড়ার হার এবং ইনগেজমেন্ট অস্বাভাবিক হারে কমে যাওয়ার কথা জানাচ্ছেন।

এদিকে ইনস্টাগ্রামের সমস্যার সুযোগ নিয়ে সামাজিক নেটওয়ার্কিং স্টার্টআপ ব্লুস্কাই নিজেদের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে থ্রেডসে তাদের ফিচার ও আপডেট শেয়ার করেছে তারা।