বর্তমানে অনেকেই স্মার্ট টিভি ব্যবহার করে বড় পর্দায় সিনেমা বা ওয়েব সিরিজ উপভোগের জন্য। বড় স্ক্রিনের সঙ্গে ভালো সাউন্ড কোয়ালিটি ও নানা সুবিধা থাকায় সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা দেয় আধুনিক ডিভাইসটি। তবে চাইলে স্মার্ট টিভি দিয়ে আরো নতুন কিছু করা সম্ভব। যেহেতু এসব টিভিতে অ্যাপ ইনস্টল করার সুবিধা থাকে, তাই শুধু নেটফ্লিক্স বা ইউটিউব নয়, একটু কল্পনা করলে ডিভাইসটি আরো অনেক উপায়ে কাজে লাগানো যায়। যেমন ওয়েব ব্রাউজ করা, অনলাইন ক্লাস করা, এমনকি কিচেনে রেখে রেসিপি টিউটোরিয়াল চালিয়েও রান্না করা—

দ্বিতীয় মনিটর

অনেক সময় ডেস্কে বসে কাজ করার ইচ্ছা না থাকলে স্মার্ট টিভিকে দ্বিতীয় মনিটর হিসেবে ব্যবহার করা যেতে পারে। বড় স্ক্রিনে কাজ করার অভিজ্ঞতা আরো আরামদায়ক হতে পারে। কারণ ল্যাপবোর্ড ব্যবহার করে সোফায় বসেই কাজ করা সম্ভব। এতে কাজের গতি হয়তো বাড়বে না, তবে পরিবেশের পরিবর্তন কাজে এনে দিতে পারে নতুন উদ্যম। এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো রুমজুড়ে লম্বা এইচডিএমআই ক্যাবল টানার ঝামেলা নেই। শুধু কম্পিউটার ও স্মার্ট টিভি একই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকতে হবে এবং এমন ব্রাউজার ব্যবহার করতে হবে, যা স্ক্রিন মিররিং সমর্থন করে। সামসাং স্মার্ট টিভিতে রয়েছে ‘পিসি অন টিভি’ ফিচার। অন্যদিকে অ্যাপল ডিভাইস থাকলে এয়ারপ্লে ব্যবহার করেও সুবিধা নেয়া যায়।

ভিডিও কলের সুবিধা

স্মার্ট টিভির সঙ্গে এক্সটার্নাল ওয়েবক্যাম ব্যবহার করে সহজেই ভিডিও কল করা যায়। বড় পরিবার হলে ফোন কিংবা ল্যাপটপে এক ফ্রেমে সবাইকে ধরাটা অনেক সময় কষ্টসাধ্য হয়। এমন পরিস্থিতিতে বড় স্ক্রিন ও ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা বেশ কার্যকর হতে পারে। ক্যামেরাটি স্মার্ট টিভিতে সংযুক্ত করে প্রয়োজনে এর জন্য নির্ধারিত অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর কোনো ভিডিও কলিং অ্যাপ ব্যবহার করলেই বড় পর্দায় কল করা সম্ভব। শুধু পারিবারিক আলাপেই নয়, ব্যবসায়িক প্রেজেন্টেশন বা অফিস মিটিংয়ের জন্যও এটি হতে পারে এক দারুণ সমাধান।

ভিডিও গেম স্ট্রিমিং

কিছু স্মার্ট টিভিতে নতুন অ্যাপ ইনস্টল করা যায়, যার মাধ্যমে ভিডিও গেম স্ট্রিমিং সম্ভব। উদাহরণস্বরূপ, কিছু এলজি স্মার্ট টিভিতে এক্সবক্স গেম স্ট্রিম করা যায়। তবে সুবিধাটি প্রত্যেক স্মার্ট টিভিতে মিলবে না, পুরনো মডেলের ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাপ নাও পাওয়া যেতে পারে।

ব্যবহারকারী টিভির অ্যাপ স্টোরে গিয়ে ভিডিও গেম স্ট্রিমিংয়ের অ্যাপগুলো অনুসন্ধান করতে পারে। জনপ্রিয় বিকল্প হিসেবে এক্সবক্স অ্যাপ ও স্টিম অ্যাপ উভয়ই রয়েছে, তবে স্টিমে গেম খেলার জন্য একটি হোস্ট ডিভাইসের প্রয়োজন হয়।

ব্রাউজার হিসেবে স্মার্ট টিভি

কাজের সময় ছাড়া কম্পিউটার ব্যবহার এড়াতে চাইলে স্মার্ট টিভিকে ব্রাউজারের মতো ব্যবহার করা যায়। অনেক পরিচিত ওয়েব ব্রাউজারের স্মার্ট টিভি সংস্করণ রয়েছে, শুধু অ্যাপ স্টোরে গিয়ে খুঁজে নিলেই হবে। তবে ব্রাউজারে সহজে নেভিগেট করতে হলে নিয়ন্ত্রণের ব্যবস্থাও দরকার। গেমিংয়ের জন্য যেমন কন্ট্রোলার যুক্ত করা হয়, তেমনি ব্লুটুথ বা ইউএসবি কেবল দিয়ে কিবোর্ড ও মাউস সংযুক্ত করতে হবে।

মেকইউজঅব অবলম্বনে