রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসাইনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন এ জামিন আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি হ্যান্ডলিংকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ১ অক্টোবর রাতে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। ২ অক্টোবর এ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিচারিক আদালত আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেন।










