চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পাঁচ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে জাহাজটি চট্টগ্রামে এসেছে।
জাহাজটি আজ দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বাড়ানো। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন যৌথ কার্যক্রমে অংশ নেবেন।










