চিপ ব্যবসায় বড় ধরনের ধস নামায় বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় কম মুনাফা করেছে স্যামসাং ইলেকট্রনিকস। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৪ লাখ ৭০ হাজার কোটি কোরিয়ান ওন (৩৩৮ কোটি ডলার)। পাশাপাশি এ সময় চিপ খাতে মুনাফা কমেছে প্রায় ৯৩ দশমিক ৮ শতাংশ, যা সামগ্রিক আয়কে বড়ভাবে প্রভাবিত করেছে। খবর সিএনবিসি।
প্রতিবেদন বলছে, গত বছর একই সময় কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ১০ লাখ ৪৪ হাজার কোটি ওন। এবার তা কমে প্রায় অর্ধেক হয়েছে।
যদিও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) স্যামসাংয়ের মোট আয় দাঁড়িয়েছে ৭৪ লাখ ৬০ হাজার কোটি কোরিয়ান ওনে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি। তবে একই সময় কোম্পানিটির ডিভাইস সলিউশনস বিভাগের মুনাফা কমেছে প্রায় ৯৩ দশমিক ৮ শতাংশ। বিভাগটির অধীনে আছে মেমোরি চিপ, সেমিকন্ডাক্টর ডিজাইন ও ফাউন্ড্রি ব্যবসা।
স্যামসাং জানিয়েছে, মুনাফা কমে যাওয়ার দুটি প্রধান কারণের একটি হলো মেমোরি চিপের মজুত পণ্যের মূল্য কমে যাওয়ার ক্ষতি ও অন্যটি হলো চীনের রফতানি নিষেধাজ্ঞা মোকাবেলায় মেমোরি চিপ উৎপাদনের বাইরে এককালীন ব্যয়।










