চ্যাটজিপিটির মোবাইল অ্যাপের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মে মাসে ওপেনএইআইয়ের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্করণ জিপিটি-ফোরও মডেল উন্মোচনের পর মূলত আয় বাড়তে থাকে।
অ্যাপের পারফরম্যান্স ট্র্যাক করে এমন একটি ফার্ম অ্যাপফিগার্সের তথ্যানুযায়ী, চ্যাটজিপিটির মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ২০২৪ সালের জুলাইয়ে ২ কোটি ৮০ লাখ ডলার নিট রেভিনিউ অর্জন করেছে, যা অ্যাপটির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক আয়। অর্থাৎ চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ জুলাইয়ের আগের যেকোনো মাসের তুলনায় বেশি অর্থ আয় করেছে। খবর টেকক্রাঞ্চ।
কোম্পানিটি জানিয়েছে, এ আয়ের বেশির ভাগ, বিশেষ করে ৮৩ শতাংশই এসেছে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে। জিপিটি-ফোরও নামের ওপেনএআইয়ের নতুন ল্যাঙ্গুয়েজ মডেলটি এআই-পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় আরো উন্নত সক্ষমতা ও বৈশিষ্ট্যযুক্ত। নতুন মডেলের নামে যে ‘ও’ আছে তা আসলে ওমিনিকে বোঝায়। ওপেনএইআই বলছে, এটি আগের সংস্করণগুলোর চেয়ে উন্নত, দক্ষ ও আরো বেশি ‘হিউম্যান লাইক’। অর্থাৎ এটি এমনভাবে কাজ করে ও প্রতিক্রিয়া জানায় যা একজন প্রকৃত ব্যক্তির সঙ্গে আলাপ করার মতো মনে হয়। নতুন জিপিটির সংস্করণে আগের ফিচার যা ছিল সব আছে, তবে বহুভাষিক বার্তালাপ, অডিও, ভিডিওসহ আরো নতুন আপডেট করা ফিচার যুক্ত হয়েছে। জিপিটি-ফোরও মডেল আসার পর চ্যাটজিপিটির মোবাইল অ্যাপের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আপডেট হওয়া মডেলটি অ্যাপের ব্যবহার আরো সহজ ও আকর্ষণীয় করেছে, সেই সঙ্গে এর ডাউনলোড ও সাবস্ক্রিপশনের সংখ্যা বাড়িয়েছে।
প্রযুক্তিসংশ্লিষ্টরা বলছেন, মডেলটি আরো দ্রুত সময়ে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এখানে কথোপকথন আরো স্বাভাবিক মনে হয়, যা একজন সত্যিকারের ব্যক্তির সঙ্গে কথা বলার মতো।
ওপেনএইআই জানিয়েছে, জুলাইয়ে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপে নতুন করে আরো ২০ লাখ সাবস্ক্রাইবার (অর্থ প্রদানকারী গ্রাহক) যুক্ত হয়েছেন। এক মাসে অ্যাপটিতে যোগ হওয়া নতুন গ্রাহকদের সর্বোচ্চ সংখ্যা এটি।










