ইন্টেল করপোরেশনের সিইও প্যাট গেলসিঞ্জার ও অন্যান্য বোর্ড সদস্যদের সঙ্গে মতবিরোধের জেরে চলতি সপ্তাহে কোম্পানিটির উচ্চ পর্যায়ের এক বোর্ড সদস্যের আকস্মিক পদত্যাগ ঘটেছে। ইন্টেলের সূত্র জানায়, বিদায়ী পরিচালক লিপ-বু টান কোম্পানির বেশ কয়েকটি বিষয়ে অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে রয়েছে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল, ঝুঁকিবিরুদ্ধ সংস্কৃতি ও কোম্পানির এআই কৌশল নিয়ে উদ্বিগ্ন হওয়া। খবর রয়টার্স।
লিপ-বু টান সেমিকন্ডাক্টর শিল্পের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ইন্টেলের বোর্ড থেকে নিজ সিদ্ধান্তে পদত্যাগ করার কথা জানান এবং চলে যাওয়া সত্ত্বেও তিনি ইন্টেল ও কোম্পানির কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেন। টান পূর্বে কেডেন্স ডিজাইনের সিইও ছিলেন। চিপ উৎপাদনে ইন্টেলের নেতৃস্থানীয় অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে দুবছর আগে তিনি ইন্টেলের বোর্ডে যোগ দেন। ২০২৩ সালের অক্টোবরে তার দায়িত্ব বাড়ানো হয়, যেন তিনি কোম্পানির উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান করতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্টেলের সূত্র জানায়, সময়ের সঙ্গে সঙ্গে টান কোম্পানির বৃহৎ কর্মী সংখ্যা, চুক্তিভিত্তিক উৎপাদন পদ্ধতি ও ঝুঁকি নিতে কোম্পানির অনীহার বিষয়ে হতাশ হয়ে পড়েন। টানের মতে, ইন্টেলে অনেক অদক্ষ কর্মচারী রয়েছেন। এছাড়া তিনি মনে করছেন, কোম্পানিটি প্রয়োজনীয় ঝুঁকি নিতে ইচ্ছুক নয় ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতি ইন্টেলের পদ্ধতি যথেষ্ট প্রতিযোগিতামূলক ছিল না। তাই তারা চিপ শিল্পে পিছিয়ে পড়েছিল। এসব কোম্পানির সঙ্গে মতবিরোধের কারণে পরিচালক পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইন্টেল টানের প্রস্থান সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এছাড়া টানের ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, ওয়ালডেন ক্যাটালিস্ট রয়টার্সের মন্তব্যের অনুরোধের উত্তর দেয়নি। সেমিকন্ডাক্টর খাতে কয়েক দশক প্রভাব ধরে রেখেছিল মার্কিন কোম্পানি ইন্টেল করপোরেশন। তবে সাম্প্রতিক সময়ে লোকসান গুনতে থাকা কোম্পানিটি তীব্র আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিনিয়োগকারীরা ও সেমিকন্ডাক্টর শিল্পের সংশ্লিষ্টরা বলছেন, এআই প্রযুক্তিগত ও ব্যবসায়িক দক্ষতার অভাব কোম্পানিটিতে বড় সমস্যা সৃষ্টি করেছে।










