বিগত এক বছরে হঠাৎ করেই বিভিন্ন ব্যবসায়িক চুক্তি ও শেয়ার বাজারে তালিকাভুক্তি নিয়ে গুঞ্জনের মধ্যে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের আর্থিক তথ্য নিয়ে নজরদারি বাড়ছে। প্রযুক্তি ব্লগার এড জিট্রনের হাতে এরইমধ্যে ফাঁস হওয়া কিছু নথিতে কোম্পানিটির আয় ও গত কয়েক বছরে অন্যান্য খরচের বিস্তারিত চিত্র উঠে এসেছে। খবর টেকক্রাঞ্চ।
এড জিট্রনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ওপেনএআইয়ের বড় বিনিয়োগকারী মাইক্রোসফট কোম্পানিটি থেকে আয় করেছে ৪৯ কোটি ৩৮ লাখ ডলার। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এ পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬ কোটি ৫৮ লাখ ডলার।
ওপেনএআইয়ের আয়ের ২০ শতাংশ যায় মাইক্রোসফটের কাছে। কারণ সফটওয়্যার জায়ান্টটি আগের চুক্তিতে শক্তিশালী এ এআই স্টার্টআপে ১ হাজার ৩০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছিল। তবে এখনো মাইক্রোসফট বা ওপেনএআই কেউই আয়ের পরিমাণটি নিশ্চিত করেনি।
তবে জানা যায়, ফাঁস হওয়া আয়ের পরিমাণে মাইক্রোসফটের নিট আয় প্রকাশ হয়েছে, মোট আয় নয়।
এদিকে গত সেপ্টেম্বরে প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি দশকের শেষের মধ্যে মাইক্রোসফটসহ বাণিজ্যিক অংশীদারদের ২০ শতাংশের পরিবর্তে আয়ের ৮ শতাংশ দেবে ওপেনএআই। এ সিদ্ধান্তের ফলে ওপেনএআইয়ের প্রায় ৫০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।









