চীনের বাজারে আগামীকাল উন্মোচন হতে যাচ্ছে হুয়াওয়ের এনজয় ৭০ সিরিজের সর্বশেষ মডেল এনজয় ৭০এক্স। উল্লেখযোগ্য হালনাগাদের পর মিড-রেঞ্জ স্মার্টফোনটি বাজারে আসছে। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের কিরিন ৮০০০এ ৫জি প্রসেসর। খবর গিজমোচায়না।

এনজয় ৭০এক্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর বেইদু স্যাটেলাইট মেসেজিং সক্ষমতা। ফিচারটি সীমিত সেলুলার কভারেজযুক্ত এলাকায় যোগাযোগের বাড়তি সুবিধা দেবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এনজয় ৭০এক্সে একটি ডুয়াল-হোল হাইপারবোলিক ডিসপ্লে যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটির প্রাপ্ত ছবিতে পেছনের প্যানেলে একটি গোলাকার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যেখানে একটি বিশেষ স্টার-রিং ডিজাইন যুক্ত করা হয়েছে।

ডিভাইসটির আকার হতে পারে ৬ দশমিক ৭৮ ইঞ্চি, যার রেজল্যুশন ২৭০০x১২২৪ পিক্সেল। এর ১০ বিট কালার ডেপথ ডিসপ্লে পারফরম্যান্সকে বহু গুণে বাড়িয়ে দেবে।

ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, যা আরওয়াইওয়াইবি প্রযুক্তি ব্যবহার করে কম আলোয় পারফরম্যান্স উন্নত করবে। এছাড়া দুই মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ও আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে স্মার্টফোনটিতে।

এতে ব্যবহার করা হয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দীর্ঘস্থায়ী ব্যবহার ও দ্রুত চার্জিং নিশ্চিত করবে।

১২৮-৫১২ গিগাবাইট (জিবি) স্টোরেজ ও আট জিবি পর্যন্ত র‍্যামের কয়েকটি ভ্যারিয়েন্টে স্মার্টফোন বাজারে ছাড়া হতে পারে। এতে থাকবে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ডিভাইসকে নিরাপদ ও সহজ অ্যাকসেস প্রদান করবে।

এনজয় ৭০এক্স এরই মধ্যে চীনের টেলিকমিউনিকেশন ও ইলেকট্রনিক ডিভাইসের প্রযুক্তিগত মান নিয়ন্ত্রক সংস্থা টেনার সনদ অর্জন করেছে। এতে বাজারে উন্মোচনের পথ সুগম হয়েছে ডিভাইসটির।