ইলোন মাস্ক মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় অবস্থিত আইকনিক সদর দপ্তরে পরিবর্তন আসতে যাচ্ছে। সম্প্রতি মাধ্যমটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো তার সহকর্মীদের ই-মেইল বার্তায় বলেছেন যে তারা শিগগিরই সান ফ্রান্সিসকোর অফিসটি খালি করছেন। যদিও এক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানান লিন্ডা। ই-মেইলের বিষয়টি মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস নিশ্চিত করেছে। খবর টেকটাইমস।
সামাজিক যোগাযোগমাধ্যমটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। এর পর থেকেই কোম্পানিটি সান ফ্রান্সিসকো থেকে পরিচালিত হয়ে আসছে। লিন্ডা তার সহকর্মীদের ই-মেইলে বলেছেন যে তারা নতুন ঠিকানায় যাচ্ছেন। তবে ইলোন মাস্ক বা লিন্ডার পক্ষ থেকে নতুন ঠিকানা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ গুঞ্জন শোনা যাচ্ছে। তবে প্রথম যে ইঙ্গিত পাওয়া গেছে তা ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে। যেখানে ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআইয়েরও অফিস থাকবে। এই অফিসে কিছু কর্মী কাজ করবেন। অন্যদিকে অন্যান্য কর্মী ক্যালিফোর্নিয়ার সান জোসের বিভিন্ন স্থানে কাজ করবেন বলে সিইওর ইঙ্গিত থেকে জানা যায়। তবে ইলোন মাস্কের ইচ্ছা ছিল এক্সের অফিস টেক্সাসের অস্টিনে নেয়া হবে। সে সম্পর্কে যদিও কিছু বলা হয়নি। এদিকে ২০২২ সালে ইলোন মাস্ক যখন থেকে কোম্পানিটি কিনে নেয় এরপর থেকে অফিস বিল্ডিংয়ের ভাড়া না দেয়ায় আইনের সম্মুখীন হতে হয়েছে।
তবে এক্সের অফিস ঠিক কোথায় নেয়া হবে সে বিষয়ে ধোঁয়াশা থাকলেও এটি মোটামুটি নিশ্চিত যে সান ফ্রান্সিসকোর অফিস থেকে কোম্পানিটি কয়েক সপ্তাহ পর থেকে আর পরিচালিত হচ্ছে না। গত মাসে মাস্ক বেশ জোরেশোরে এক্সের অফিস টেক্সাসের অস্টিনে স্থানান্তরের ঘোষণা দেন। এরপর সিইও লিন্ডা অফিস খালি করার কথাও বললেন।










