গত বছর অ্যাপ স্টোর থেকে ১৯ লাখের বেশি অ্যাপ বাতিল করেছে অ্যাপল। টেক জায়ান্টটির সম্প্রতি প্রকাশিত অ্যাপ স্টোর স্বচ্ছতা প্রতিবেদনে (ট্রান্সপারেন্সি রিপোর্ট) এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে ২০২৪ সালে অ্যাপ স্টোরে জমা পড়া, অনুমোদন, বাতিল, অপসারণ ও প্রতারণা প্রতিরোধ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। খবর গিজচায়না।

ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়েছে, ডেভেলপাররা যখন নতুন অ্যাপ তৈরি করে তা অ্যাপ স্টোরে জমা দেয়, অ্যাপল সেগুলো নিয়ম অনুযায়ী যাচাই করে। যদি অ্যাপে নিরাপত্তা সমস্যা, প্রতারণা বা অপর্যাপ্ত তথ্য থাকে, তবে সেটি প্রত্যাখ্যান বা বাতিল করে দেয়া হয়। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত অ্যাপ স্টোরে মোট দুই কোটির মতো অ্যাপ ছিল। সাপ্তাহিক গড় ডাউনলোড হয়েছে ৮৩ কোটি ৯০ লাখ অ্যাপ। এছাড়া অ্যাপ স্টোরে প্রবেশ করেছেন ৮১ কোটি ৩০ লাখ ব্যবহারকারী, যা আগের বছরের তুলনায় অনেক বেশি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে অ্যাপলে মোট ৭৭ লাখ ৭০ হাজার অ্যাপ জমা পড়ে, যার মধ্যে ১৯ লাখ ৩০ হাজারের বেশি বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে কার্যকারিতায় সমস্যা, আইনি জটিলতা, নকশার ত্রুটি ও নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। তবে এর মধ্যে প্রায় তিন লাখ অ্যাপ পরে সমস্যার সমাধান করে পুনরায় অনুমোদন পেয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৮২ হাজারের বেশি অ্যাপ সরিয়ে দিয়েছে অ্যাপল। এর মধ্যে বেশির ভাগ ছিল ইউটিলিটি (ক্যালকুলেটর, ভিপিএন) ও গেমস বিভাগ থেকে অ্যাপ সরানোর প্রধান কারণগুলোর মধ্যে ছিল ডিজাইনের ত্রুটি, প্রতারণা বা জালিয়াতি, কপিরাইট লঙ্ঘন, অপ্রয়োজনীয় অ্যাপ ও অন্যান্য অ্যাপ নকল করা ইত্যাদি।