আইফোন ১৮ বাজারে ছাড়ার সময় পিছিয়ে দিতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী বছরের সেপ্টেম্বরের ইভেন্টে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স ও ফোল্ডেবল নতুন আইফোন এলেও থাকছে না আইফোন ১৮। নতুন পরিকল্পনা অনুযায়ী, বছরজুড়ে ধাপে ধাপে অ্যাপল বিভিন্ন মডেল বাজারে আনতে চাচ্ছে। খবর ইন্ডিয়া টুডে।

ব্লুমবার্গের প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইফোন ১৮ বাজারে আসবে আগামী বছরের সেপ্টেম্বর ইভেন্টের আরো পরে। দীর্ঘদিন ধরে সেপ্টেম্বরের বড় ইভেন্টে সব আইফোন প্রকাশ করা হলেও এবার সে ধারা থেকে সরে আসতে যাচ্ছে অ্যাপল।

অ্যাপল বলছে, বছরের বিভিন্ন সময়ে আলাদা করে মডেল উন্মোচন করলে কর্মী ও সরবরাহকারীদের ওপর চাপ কমবে। একই সঙ্গে সারা বছর সমানভাবে আয়ও বণ্টন হবে। আগে আইফোনের নতুন মডেল বাজারে ছাড়াকে ঘিরে যে চাপ তৈরি হতো, সেটিও অনেকটা কমে যাবে। নতুন কৌশলে বছরে পাঁচ থেকে ছয়টি আলাদা আইফোন আনা সম্ভব।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইফোন ১৮ বাজারে আসতে ছয় মাসের মতো দেরি হবে। ২০২৭ সালের প্রথমদিকে আসবে আইফোন ১৮ ই ও আইফোন এয়ার-২। প্রথম জেনারেশনের আইফোন এয়ার প্রত্যাশিত বিক্রি না পাওয়ায় নতুন এডিশনের প্রকাশনাও পিছিয়ে গেছে।

আইফোন এয়ার-২-এ বড় ব্যাটারি ও ভ্যাপার চেম্বার কুলিং যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পেছনে ডুয়াল ক্যামেরা যুক্ত করার সম্ভাবনাও রয়েছে।

জানা গেছে, আইফোন এয়ার সিরিজের ক্ষেত্রে প্রতি বছর নিয়মিত আপডেটের পরিকল্পনা হয়তো আর থাকবে না। এজন্যই নতুন এডিশনকে আইফোন ১৭ এয়ার না বলে আইফোন এয়ার নামে বাজারে আনা হয়েছিল।

অন্যদিকে ২০২৬ সালের শুরুতেই আসবে আইফোন ১৭ ই। এরপর ২০২৬ সালের সেপ্টেম্বরের ইভেন্টে আসবে আইফোন ১৮ প্রো সিরিজ ও ফোল্ডেবল আইফোন।

অ্যাপলের সেপ্টেম্বরের মূল উন্মোচন শুরু হয়েছিল আইফোন ৫ দিয়ে। তখন দেরিতে বাজারে আসার কারণে জুলাইয়ের পরিবর্তে সেপ্টেম্বর ইভেন্টে করতে হয়েছিল। পরে এটি প্রচলিত ধারা হয়ে যায়। তবে নতুন পরিকল্পনায় সে ধারা ভেঙে যাচ্ছে।