অবশেষে উন্মোচিত হলো অ্যাপলের আইফোনের নতুন সিরিজ। এ বছরের আয়োজনের মূল আকর্ষণ ছিল নতুন আইফোন ১৭ সিরিজ এবং একেবারে নতুন মডেল আইফোন এয়ার। স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক উন্মোচন ইভেন্ট ‘অ ড্রপিং’-এ প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। খবর টেকক্রাঞ্চ।

আইফোন ১৭ সিরিজে মোট ৪টি মডেল বাজারে এনেছে অ্যাপল। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন এয়ার, যা অ্যাপলের সবচেয়ে পাতলা ফোন। এটি তৈরি হয়েছে স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের এই ফোনটি আগের আইফোন প্লাসের জায়গা নেবে।। এতে রয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে, ১২০ হার্টজ প্রোমোশন প্রযুক্তি এবং শুধু ই-সিম সাপোর্ট করবে। দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার। বাজারে আসবে কালো, সাদা, আকাশি নীল ও হালকা সোনালি রঙে। পাতলা নকশার কারণে মডেলটির সামনে-পেছনে একটি করে ক্যামেরা রয়েছে। অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস বলেন, ‘ফোনটি এতটাই হালকা ও পাতলা যে হাতে নিলেই মনে হবে কিছুই নেই।’

এ ছাড়া অ্যাপল নতুন ‘টেকউভেন’ কেস উন্মোচন করেছে, যা আগের ফাইনউভেন কেসের উন্নত সংস্করণ। আরো এসেছে নতুন এয়ারপডস প্রো ৩। অ্যাপল ওয়াচ সিরিজেও এসেছে তিনটি নতুন সংস্করণ। অ্যাপল ওয়াচ সিরিজ ১১, সাশ্রয়ী অ্যাপল ওয়াচ এসই ৩ এবং শক্তিশালী অ্যাপল ওয়াচ আলট্রা ৩। অ্যাপলের দাবি, সিরিজ ১১ হলো এ পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা ও আরামদায়ক ওয়াচ। অনুষ্ঠানে আইফোনসহ নতুন ঘোষণা দেয়া সব পণ্যই ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।

তবে আলোচিত ইভেন্টে এআই–চালিত সিরি নিয়ে কোনো ঘোষণা আসেনি, যা প্রতিদ্বন্দ্বী গুগলসহ অন্যান্য কোম্পানির তুলনায় অ্যাপলকে কিছুটা পিছিয়ে রাখবে।