চীনের বৃহত্তম গেমিং কোম্পানি টেনসেন্টের সঙ্গে অংশীদারত্ব করতে যাচ্ছে ফরাসি ভিডিওগেম নির্মাতা ইউবিসফট। গত বৃহস্পতিবার ইউবিসফট জানিয়েছে, তারা একটি নতুন সহায়ক সংস্থা তৈরি করেছে, যেখানে চীনের টেনসেন্ট ১১৬ কোটি ইউরো বিনিয়োগ করবে।
গ্রুপটি এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এ সহায়ক সংস্থার মূল্য ৪০০ কোটি ইউরো। সংস্থাটি অ্যাসাসিনস ক্রিড, ফার ক্রাই ও টম ক্ল্যান্সির রেইনবো সিক্স ব্র্যান্ডকে একত্র করবে। ২০২৫ সালের শেষের আগে এ পদক্ষেপ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এ সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন শহরে অবস্থিত টিমগুলো কাজ করবে। এখানে কানাডার মন্ট্রিল, কুইবেক, শেরব্রুক, সাগুয়েনে ও বার্সেলোনা এবং সোফিয়ায় অবস্থিত টম ক্ল্যান্সির রেইনবো সিক্স, অ্যাসাসিনস ক্রিড ও ফার ক্রাই ফ্র্যাঞ্চাইজিগুলোর তৈরি করা দল অন্তর্ভুক্ত থাকবে। সেই সঙ্গে ব্যাক-ক্যাটালগ ও বর্তমানে উন্নয়নাধীন বা বিকাশাধীন যেকোনো নতুন গেম অন্তর্ভুক্ত থাকবে।
এক বিবৃতিতে ইউবিসফটের সিইও ইভেস গুইলেমোট জানিয়েছেন, ইউবিসফট তাদের তিনটি বড় গেম সিরিজের উন্নয়ন আরো ভালোভাবে করার জন্য একটি নতুন সংস্থা তৈরি করছে। সেই সঙ্গে টেনসেন্টকে তাদের অংশীদার বানাচ্ছে, যাতে তাদের ব্যবসা শক্তিশালী হয় ও ভবিষ্যতে এ গেমগুলোর সাফল্য পাওয়া যায়।










