অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য আলাদা একটি অ্যাপ চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন হাতঘড়ি থেকেই বার্তা পড়তে ও পাঠাতে পারবেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।
নতুন এ সংস্করণে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা আরো স্বাচ্ছন্দ্যে বার্তা আদান প্রদান করতে পারবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। ঘড়ি থেকেই মেসেজ পড়া, দ্রুত উত্তর দেয়া, এমনকি ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানানোসহ বিভিন্ন কাজ করা যাবে। তবে এখনো অ্যাপটি সম্পূর্ণ স্বতন্ত্র নয়। এটি মূলত একটি ‘কম্প্যানিয়ন অ্যাপ’, অর্থাৎ ব্যবহারকারীর আইফোনের সঙ্গে ঘড়ির সংযোগ থাকলেই বার্তা পাঠানো যাবে।
এর আগে অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপের কোনো আলাদা অ্যাপ ছিল না। ব্যবহারকারীরা কেবল নোটিফিকেশন দেখে উত্তর দিতে পারতেন। নতুন অ্যাপ চালুর ফলে ব্যবহারকারীরা সরাসরি ঘড়িতে অ্যাপটি খুলে চ্যাট লিস্ট দেখতে পারবেন। বার্তা পড়া, ছবি বা ভিডিও দেখা ও ‘পিনড’ বা ‘ডিসঅ্যাপিয়ারিং’ মেসেজও ঘড়িতেই দেখা যাবে।
অ্যাপটি ব্যবহারের প্রক্রিয়াও সহজ বলে উল্লেখ করেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ঘড়িটি আইফোনের সঙ্গে পেয়ার করা থাকলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে। আলাদা করে কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন নেই। পাশাপাশি নতুন সংস্করণে নোটিফিকেশন ব্যবস্থাও আরো উন্নত করা হয়েছে। তবে ফিচারটি সবার জন্য কবে উন্মুক্ত করা হবে, এ বিষয়ে কিছু জানায়নি মেটা।
মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি একাধারে এআই প্রযুক্তি, গ্রুপ কলের উন্নয়নসহ নানা ফিচার আপগ্রেড নিয়ে কাজ করছে।
চলতি বছর জুনে অ্যাপলের আরেক পণ্য আইপ্যাডেও প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করেছে মেটা। এতদিন পর্যন্ত আইপ্যাডের জন্য কোনো স্বতন্ত্র অ্যাপ ছিল না হোয়াটসঅ্যাপের। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ব্যবহারকারীদের অনুরোধের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হয় এটি।









