ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী আরোপিত তদারকি ফি নিয়ে দায়ের করা মামলায় জয়লাভ করছে মেটা প্লাটফর্মস ও টিকটক। এ জয়ের ফলে ইউরোপিয়ান কমিশনকে ফি নির্ধারণের পদ্ধতি পুনর্বিন্যাস করতে হবে। খবর রয়টার্স।

লুক্সেমবার্গের সাধারণ আদালত রায়ে বলেছেন, কমিশনের ফি নির্ধারণের পদ্ধতিতে প্রক্রিয়াগত ত্রুটি ছিল। আদালত উল্লেখ করেছেন, পদ্ধতিটি প্রয়োগ নির্দেশের মাধ্যমে নয়, বরং ‘ডেলিগেটেড অ্যাক্ট’ নামে একটি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা উচিত ছিল। আদালত ইইউর কর্মকর্তাদের নতুন পদ্ধতি প্রণয়নের জন্য ১২ মাসের সময় দিয়েছেন।

মেটা ও টিকটক ইউরোপিয়ান কমিশনের ফি নির্ধারণ পদ্ধতিকে অনুপযুক্ত ও অসংগতিপূর্ণ বলেছে। কমিশন নির্ধারিত ফি পদ্ধতিতে দশমিক শূন্য ৫ শতাংশ বার্ষিক বৈশ্বিক নিট আয় হিসেবে কোম্পানিগুলোর ওপর ফি আরোপ করেছিল, যা ডিএসএর অধীনে তাদের নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার খরচ বহন করার জন্য নেয়া হয়। ফি নির্ধারণের সময় কোম্পানির গড় মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এবং আগের বছরের মুনাফা বা লোকসানের তথ্য বিবেচনা করা হয়।

যদিও আদালতের রায় অনুযায়ী ফি নির্ধারণের পদ্ধতি সংশোধন করতে হবে, কিন্তু ২০২৩ সালের আগে প্রদত্ত ফি ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়নি। ইউরোপীয় কমিশন জানিয়েছে, তাদের ফি নির্ধারণের পদ্ধতি মৌলিকভাবে সঠিক এবং আদালতের রায় কেবল প্রক্রিয়াগত সংশোধনের নির্দেশ। কমিশন এখন ১২ মাসের মধ্যে নতুন ‘ডেলিগেটেড অ্যাক্ট’ গ্রহণ করে ফি হিসাবের পদ্ধতি আনুষ্ঠানিকভাবে প্রণয়ন করবে এবং নতুন প্রয়োগ নির্দেশ জারি করবে।

ডিএসএ ২০২২ সালের নভেম্বরে কার্যকর হয়। এ আইন অনুযায়ী খুব বড় অনলাইন প্লাটফর্মসগুলোকে অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট মোকাবেলায় আরো দায়িত্ব নিতে হবে। নিয়ম না মানলে কোম্পানিগুলোকে তাদের বার্ষিক বৈশ্বিক ব্যবসার ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এছাড়া অ্যামাজন, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, বুকিং ডটকম, এক্স, স্ন্যাপচ্যাট ও পিন্টারেস্টের মতো অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানিকেও এ তদারকি ফি দিতে হয়।