প্রযুক্তি দুনিয়ায় ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে ওপেনএআইয়ের নতুন উন্মোচিত পণ্য ‘অ্যাটলাস’। গুগলের মূল ব্যবসা ওয়েব ব্রাউজারকে চ্যালেঞ্জ জানিয়ে বাজারে এআই ব্রাউজার নিয়ে হাজির হয়েছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি। বিশ্লেষকদের মতে, বিশ্বের মানুষ অনলাইনে কীভাবে তথ্য খুঁজবে তা নিয়ন্ত্রণে প্রতিযোগিতা করছে ওপেনএআই ও গুগল। খবর সিএনএন।
ওপেনএআই গত সপ্তাহে অ্যাটলাস নামে এআই-চালিত ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে। ব্রাউজারটি জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপির প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। জানা যায়, এআই ব্রাউজার ব্যবহার করে নিজেদের ৮০ কোটি সাপ্তাহিক ব্যবহারকারীর কার্যকলাপের ওপর নজর রাখবে ওপেনএআই। বিশেষ করে ব্যবহারকারীরা কীভাবে ওয়েব ব্রাউজ করছে ও কোন তথ্য দেখছে ইত্যাদি। যদিও নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিয়ে এরই মধ্যে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগও তৈরি হওয়েছে।
বিশ্লেষক লিসা এডিচিচো বলছেন, প্রযুক্তিবাজারে ওপেনএআইয়ের অ্যাটলাসই একমাত্র এআই-চালিত ব্রাউজার নয়। পারপ্লেক্সিটিও গত জুলাইয়ে ‘কমেট’ নামে সমজাতীয় ব্রাউজার চালু করেছে। কিন্তু চ্যাটজিপিটির বিশাল ব্যবহারকারী সংখ্যা ও এর জনপ্রিয়তা অ্যাটলাসকে গুগলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত করতে পারে।
তিনি বলেন, ‘অ্যাটলাসের মতো এআই-ভিত্তিক ব্রাউজার মানুষের তথ্য অনুসন্ধানের ধরনকে নতুনভাবে বদলে দিচ্ছে। যেখানে শুধু ‘নীল’ লিংকের তালিকায় তথ্য খোঁজা সীমাবদ্ধ থাকবে না।’
এদিকে লিসা এডিচিচো বলছেন, গুগলের সার্চ ইঞ্জিনের মূল ভিত্তি ক্রোম ব্রাউজারের অবস্থান এখনো বাজারে শক্ত অবস্থানে রয়েছে। গুগলকে শীর্ষস্থান থেকে সরানো কঠিক কাজ তবে কিছু তথ্য বলছে মানুষ, অনেক কাজের জন্যই এখন সার্চ লিংকের বদলে এআই ব্যবহার করতে শুরু করেছে।
অ্যাটলাসের সাফল্য নির্ধারণ করবে মানুষ সত্যিই প্রতিদিনের অনলাইন কাজের জন্য এআইয়ের ওপর বেশি নির্ভর হতে প্রস্তুত কিনা। গুগল ধীরে ধীরে ব্রাউজার ও সার্চ ইঞ্জিনে এআইয়ের সুবিধা যুক্ত করেছে। কিন্তু ওপেনএআইয়ের অ্যাটলাস ব্রাউজার চ্যাটজিপিটির প্রযুক্তি নিয়েই যাত্রা করেছে।










