সম্প্রতি কয়েক দিন ধরে জিমেইলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নানা ‘গুজব’ ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছে গুগল। বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, গুগল তাদের ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারীকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। যদিও গুগল এবার আনুষ্ঠানিকভাবে এসব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। খবর ইন্ডিয়া টুডে।

গত ১ সেপ্টেম্বর প্রকাশিত এক ব্লগ পোস্টে গুগল স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেনি এবং ব্যবহারকারীদের জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রয়েছে।

প্রতিবেদন বলছে, ভিত্তিহীন খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে ঘটনাটি জিমেইলের ইতিহাসে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবেও উল্লেখ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই গুগল বিভ্রান্তি দূর করতে দ্রুত পদক্ষেপ নেয়।

টেক জায়ান্টটির আনুষ্ঠানিক বিবৃতিতে লিখেছে, ‘আমরা আমাদের ব্যবহারকারীদের আশ্বস্ত করতে চাই যে জিমেইলের নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী। সম্প্রতি কিছু ভুল তথ্য ছড়িয়েছে যে আমরা সব জিমেইল ব্যবহারকারীকে একটি বড় নিরাপত্তা সমস্যা সম্পর্কে সতর্ক করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা।’

গুগল জানায়, এ ভুল তথ্যের উৎস সম্ভবত তাদের প্রকাশিত একটি নিরাপত্তা প্রতিবেদন, যেখানে ফিশিং প্রবণতা নিয়ে আলোচনা করা হয়েছিল। যদিও ফিশিং একটি চলমান সমস্যা, গুগল জোর দিয়ে বলেছে যে তাদের উন্নত সুরক্ষা ব্যবস্থা ৯৯ দশমিক ৯ শতাংশেরও বেশি ফিশিং এবং ম্যালওয়্যার আক্রমণকে ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছানোর আগেই আটকে দেয়।

গত জুনে গুগলসংশ্লিষ্ট একটি সেলসফোর্স তথ্য ফাঁসের ঘটনা নিয়েও গুজবটি আরো বড় আকার ধারণ করে। সে সময় ‘শাইনিহান্টারস’ নামে একটি হ্যাকার গ্রুপ কিছু ব্যবসায়িক তথ্য চুরি করেছিল। গুগল সেই ঘটনাটি নিশ্চিত করলেও জানিয়েছিল, জিমেইল বা গুগল ক্লাউডের কোনো তথ্য এতে প্রভাবিত হয়নি।

ভুয়া নিরাপত্তা ঝুঁকির গুজব উড়িয়ে দিলেও গুগল ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা সম্পর্কে সতর্ক থাকতে উৎসাহিত করেছে। গুগল ব্যবহারকারীদের পাসকি ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যা একটি পাসওয়ার্ডবিহীন সাইন-ইন পদ্ধতি এবং এটি প্রচলিত পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ। এর পাশাপাশি গুগল ব্যবহারকারীদের সন্দেহজনক ই-মেইল সম্পর্কে সতর্ক থাকা, ফিশিংয়ের চেষ্টা রিপোর্ট করা এবং অ্যাকাউন্ট নিরাপদ রাখতে সর্বোত্তম নিরাপত্তা অনুশীলনগুলো অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে।