আরো ৭৫ দিন নিজেদের অ্যাপ স্টোরে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকের অ্যাপ রাখবে অ্যাপল। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির আশ্বাসের পর এ সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। খবর সিএনবিসি।

ব্লুমবার্গ নিউজের বরাতে সিএনবিসি জানিয়েছে, গত শুক্রবার অ্যাপল ও গুগলকে চিঠি পাঠিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। অ্যাপলকে লেখা চিঠিতে বলা হয়েছে, কোম্পানিটির উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সময়সীমা বাড়ানোর নির্বাহী আদেশ মান্য করা। আরো ৭৫ দিন নিজেদের স্টোরে টিকটক রাখতে পারবে তারা। যদিও এ বিষয়ে অ্যাপলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অ্যাপটি বর্তমানে অ্যাপল ও গুগলের প্লে স্টোরে পুনর্বহাল রয়েছে।

ট্রাম্পের সেই নির্বাহী আদেশে টিকটকের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। বাইটড্যান্সের জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপটি কোনো মার্কিন বিনিয়োগকারীর কাছে বিক্রির জন্য ৭৫ দিনের সময় বাড়িয়ে ১৮ জুন নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের আইন অনুযায়ী, জানুয়ারিতেই অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা ছিল।

টিকটকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ এনে এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বাইডেন প্রশাসন নির্দেশ দিয়েছিল যে যুক্তরাষ্ট্রে প্লাটফর্মটির মালিকানা কোনো নিরপেক্ষ পক্ষের কাছে হস্তান্তর করতে হবে। এ মর্মে কংগ্রেসে একটি আইনও পাস করে তারা। টিকটকের আপিলের পর মার্কিন সুপ্রিম কোর্টও এ আইন বহাল রাখে।

ট্রাম্প গত সপ্তাহে চীনা আমদানীকৃত পণ্যে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছেন। সব মিলিয়ে চীন থেকে আমদানি করা পণ্যে মার্কিন শুল্পের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ শতাংশ। তবে ট্রাম্প জানিয়েছেন, বাইটড্যান্স টিকটকের মার্কিন ইউনিটের মালিকানা যদি হস্তান্তর করে, তাহলে তিনি চীনের ওপর ধার্য করা শুল্ক কমাতে ইচ্ছুক।