এআইয়ের সঙ্গে দীর্ঘক্ষণের কথোপকথন চলাকালে এখন থেকে ব্যবহারকারীদের বিরতি নেয়ার কথা স্মরণ করিয়ে দেবে চ্যাটজিপিটি। এআই প্ল্যাটফর্মটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি এ কথা জানিয়েছে। ব্যবহারকারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। খবর এনগ্যাজেট।
কোম্পানির ঘোষণা অনুযায়ী, স্মরণবার্তাটি চ্যাট চলাকালীন পপ-আপ মেসেজ হিসেবে দেখানো হবে। এতে লেখা থাকবে, ‘আপনার খোঁজ নিচ্ছি। আপনি দীর্ঘ সময় ধরে চ্যাট করছেন। বিরতি নেয়ার জন্য এখনই কি ভালো সময়?’
তবে ব্যবহারকারীরা চ্যাট চালিয়ে যেতে মেসেজে ক্লিক বা ট্যাপ করতে পারবে। অনেকের মতে, চ্যাটজিপিটির এ ফিচারের প্রেক্ষাপটটি কিছুটা গুরুতর।
নিউ ইয়র্ক টাইমসে জুনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটি প্রায়ই ‘হ্যাঁ, এবং ...’ ধরনের উত্তর দিয়ে ব্যবহারকারীদের সঙ্গে একমত হয়। আবার কখনো কখনো ভুল বা বিপজ্জনক তথ্যও দেয়। এআই প্ল্যাটফর্মটির সঙ্গে বিভ্রান্তিকর কথোপকথন কিছু ব্যবহারকারীর মধ্যে আত্মহননের মত ভয়াবহ চিন্তারও উদ্রেক করেছে বলে অভিযোগ রয়েছে।
ওপেনএআই নিজেদের ব্লগ পোস্টে এসব ত্রুটি স্বীকার করে নিয়ে বলেছে, ভবিষ্যতে চ্যাটজিপিটিকে এমনভাবে আপডেট করা হবে যাতে ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’ নেয়ার ক্ষেত্রে প্রযুক্তিটি আরো সতর্ক উত্তর দেয়। সরাসরি উত্তর দেয়ার পরিবর্তে চ্যাটবট ব্যবহারকারীদের সমস্যাগুলো বুঝতে সাহায্য করবে, প্রশ্ন করবে এবং সুবিধা-অসুবিধার তালিকা দেখাবে।










