জাপানের প্রযুক্তি কোম্পানি সনি তাদের অত্যন্ত প্রশংসিত ১০০০এক্সএম৫ নয়েজ ক্যান্সেলিং ফিচারযুক্ত হেডফোনের জন্য ‘স্মোকি পিংক’ নামে নতুন একটি রঙ উন্মোচন করেছে। নতুন এ স্লিক ও স্টাইলিশ সংযোজনটি ওভার-ইয়ার ও ইন-ইয়ার মডেলে একটি আধুনিক লুক দেবে বলে দাবি কোম্পানিটির। খবর গিজমোচায়না।

ডব্লিউএইচ-১০০০এক্সএম৫ ওভার-ইয়ার হেডফোন ও ডব্লিউএফ-১০০০এক্সএম৫ ইয়ারবাডে উন্নত নয়েজ-ক্যান্সেলিং (এনসি) প্রযুক্তি রয়েছে, যা কোনো প্রকার অসুবিধা ছাড়াই অডিও উপভোগ করতে সাহায্য করে। প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, নতুন স্মোকি পিংক রঙটি এ দুর্দান্ত ডিভাইসগুলোয় একটি মার্জিত ভাব যোগ করেছে। 

সনি বলছে, ডব্লিউএফ-১০০০এক্সএম৫ ও এইচ-১০০০এক্সএম৫ হেডফোনে দুটি প্রসেসর ও আটটি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে, যা ব্যাকগ্রাউন্ডের শব্দ আটকে ফেলে। অটো এনসি অপটিমাইজার ব্যবহারকারীর পরিবেশ অনুযায়ী নয়েজ ক্যান্সেলেশন স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে ও যেকোনো পরিস্থিতিতে সেরা পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়া এতে চারটি বিমফর্মিং মাইক্রোফোন ও একটি এআই-ভিত্তিক নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে, ফলে এটি ব্যবহারে কোলাহলপূর্ণ জায়গায়ও ফোন কলে স্পষ্ট শব্দ শোনা যায়। ডব্লিউএফ-১০০০এক্সএম৫ ইয়ারবাডে সনির ইন্টিগ্রেটেড প্রসেসর ভিটু ও এইচডি নয়েজ ক্যান্সেলিং প্রসেসর কিউএনটুই ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তিগুলো নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ কমিয়ে শোনার অভিজ্ঞতাকে আরো কেন্দ্রীভূত করে। এ ইয়ারবাডে আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যেমন অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল, যা কার্যকলাপের ওপর ভিত্তি করে শব্দ সামঞ্জস্য করে এবং স্পিক-টু-চ্যাট ফিচার কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে মিউজিক বন্ধ করে দেয়। এছাড়া এটি একসঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত থাকতে পারে ও ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাজ করে।