আধুনিক যুগের স্মার্টফোনগুলো মানবজীবনের প্রায় সব কাজের প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে। মেসেজ পাঠানো, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, গেম খেলা, ফিটনেস ট্র্যাকিংসহ বিভিন্ন কাজের জন্য এখন স্মার্টফোন ব্যবহার করতে হয়। কিন্তু অনেকেই ভুলে যান যে ফোনের মূল উদ্দেশ্য হলো ‘কল করা’। তাই স্মার্টফোনে ফোন কলের অভিজ্ঞতা সহজ করতে কিছু সেটিংস পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। এখানে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট অবলম্বনে পাঁচটি সেটিংস তুলে ধরা হলো—
কল স্ক্রিনিং সক্রিয় করা
কল স্ক্রিনিং ফিচারটি অ্যান্ড্রয়েডে এসেছে প্রথম এবং পরে এটি আইফোনেও যুক্ত হয়েছে। ফিচারটি ব্যবহার করে অপ্রয়োজনীয় কল এড়ানো যায়। কল স্ক্রিন ব্যবহার করলে কলদাতার নাম এবং কলের কারণ জানাতে হয়। যুক্তরাষ্ট্রে গুগল পিক্সেল ফোনে স্বয়ংক্রিয় স্ক্রিনিং চালু করা যায় যা স্প্যাম বা সন্দেহজনক নম্বর ব্লক করে। তবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনে ম্যানুয়াল স্ক্রিনিং কিছু দেশেই পাওয়া যায়। অপশনটি একদম না পাওয়া গেলে ফোন অ্যাপ খুলে More > Settings > Spam and Call Screen/Call Screen গিয়ে দেখতে হবে।
কলার আইডি অ্যানাউন্সমেন্ট চালু
ফিচারটি কলারের নাম বা নম্বর পড়ে শোনাতে পারে। গাড়ি চালানো বা ব্যায়াম করার সময় এটি খুবই কাজে লাগে। সেটিংস অনুযায়ী সিদ্ধান্ত নেয়া যায় কখন কল অ্যানাউন্সমেন্ট হবে। গোপনীয়তার জন্য Only when using a headset অপশন বেছে নেয়া সবচেয়ে নিরাপদ, তবে কেউ চাইলে Always বা Never বেছে নিতে পারেন। এটি চালু করতে যেতে হবে More > Settings > Caller ID announcement > Announce caller IDতে।
কল বাবলস বন্ধ করা
অ্যান্ড্রয়েডের কল বাবলস কল চলাকালীন অন্য অ্যাপ ব্যবহার করতে সাহায্য করে, কিন্তু এটি অনেক সময় বিরক্তিকর হতে পারে। ফিচারটি বন্ধ করতে ফোন অ্যাপের আইকনটি ট্যাপ করে ধরে রেখে Info (i) নির্বাচন করতে হবে। তারপর Advanced > Display over other apps-এ গিয়ে Allow display over other apps বন্ধ করতে হবে। এতে স্ক্রিন পরিষ্কার থাকবে এবং অনাকাঙ্ক্ষিত বাধা কমবে।
ফ্লিপ টু সাইলেন্স চালু করা
পিক্সেল ফোনে একটি ফিচার আছে যা ফোনটি উল্টে রাখলেই কল মিউট হয়ে যায়। এটি ব্যবহার করা খুব সহজ, বিশেষ করে যদি কেউ হঠাৎ ঘুম থেকে ওঠেন বা কলের সময় হাত ব্যস্ত থাকে। পিক্সেল ২ ও পরের মডেলে এটি ডিফল্টভাবে চালু থাকে। অন্য অ্যান্ড্রয়েড ফোনেও Settings > Advanced > Flip to silence মেনুতে একই ফিচার থাকতে পারে।
আলাদা কন্ট্যাক্টের জন্য আলাদা রিংটোন সেট করা
ফোন অ্যাপে সরাসরি না হলেও গুগল কন্ট্যাক্টস অ্যাপ ব্যবহার করে আলাদা কন্ট্যাক্টের জন্য ভিন্ন রিংটোন ব্যবহার করা যায়। এজন্য প্রয়োজনীয় অডিও ফাইল ফোনে রাখতে হবে। এরপর কন্ট্যাক্টস অ্যাপ খুলে Fix & Manage > Other tools > Contact ringtones যেতে হবে এবং কন্ট্যাক্টের জন্য রিংটোন নির্ধারণ করতে হবে। তবে নতুন ফোনে সেটিং পুনরায় ঠিক করতে হতে পারে, কারণ রিংটোন স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসের মধ্যে সিঙ্ক হয় না।









