যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ জার্সির পুলিশ একটি নতুন ডিজিটাল প্রমাণ সংরক্ষণ অ্যাপ ‘কুলপা’ পরীক্ষামূলকভাবে চালু করেছে, যা ঘরোয়া সহিংসতার শিকারদের নিরাপদভাবে প্রমাণ জমা দিতে এবং পুলিশকে শেয়ার করতে সাহায্য করবে। এ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তৎক্ষণাৎ যদি অভিযোগ নাও জানায় তাও ভিডিও, ছবি বা অডিও ফাইল সরাসরি তাদের স্মার্টফোন থেকে আপলোড করতে পারবেন। খবর বিবিসি।
ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের পুলিশ এরই মধ্যে কুলপা ব্যবহার করে পরীক্ষা চালিয়েছে। তাদের প্রতিবেদনে দেখা গেছে, প্রতিটি কেসে অ্যাপ ব্যবহার করলে পুলিশ প্রায় ৭ ঘণ্টার কাজ বাঁচাতে পারছে। নিউ জার্সির পুলিশ আশা করছে, এ প্রযুক্তি আরো বেশি মানুষকে প্রমাণ জমা দিতে উৎসাহিত এবং তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
অ্যাপটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ফোনে লুকিয়ে রাখা যায়। অন্যান্য অ্যাপের মতো এটি হোম স্ক্রিন থেকে সরানো, পাসকোড বা বায়োমেট্রিক্স দিয়ে লক করা বা মুছে ফেলা যায়। তবে একবার আপলোড করা প্রমাণ ব্যবহারকারী চাইলে পুলিশকে শেয়ার না করা পর্যন্ত নিরাপদভাবে সংরক্ষিত থাকে।
জার্সি পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মার্ক হ্যাফে বলেছেন, এ অ্যাপ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা মানুষদের ক্ষমতায়ন করে। অনেকে একাধিকবার ঘরোয়া হিংসার শিকার হয়েও পুলিশের কাছে অভিযোগ জানাতে দেরি করেন। কুলপা তাদের সুরক্ষিত রাখার এবং প্রমাণ সংরক্ষণের সুযোগ দেয় বলে জানান তিনি।
হ্যাফে আরো বলেন, ‘অ্যাপটি ব্যবহার করলে পুলিশ আরো কার্যকর ও দ্রুত সেবা দিতে পারবে।’
কুলপা প্রধান নির্বাহী সাইমন ফ্রাঙ্ক বলেন, ‘এ অ্যাপ শুধু ঘরোয়া প্রতিহিংসার জন্য নয়, বরং নানা অপরাধের প্রমাণ সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। চুরির ঘটনা বা অ্যান্টি-সোশ্যাল আচরণের জন্য অনেক রিটেইলারও তাদের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরাসরি পাঠাতে কুলপা ব্যবহার করছে। এছাড়া এটি ধর্ষণ ও অন্যান্য যৌন অপরাধের মতো গুরুতর মামলায়ও ব্যবহৃত হয়েছে।’
ফ্রাঙ্ক বলেন, ‘আমরা কুলপা তৈরি করেছি যাতে যে কেউ এমন ফাইল সংরক্ষণ করতে পারে, যা আইনি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে।’
জার্সির পুলিশ জানিয়েছে, এ পরীক্ষার মাধ্যমে দেখা হবে অ্যাপটি কীভাবে ব্যাপকভাবে চালু করা যেতে পারে এবং এটি অপরাধের শিকার মানুষদের সহায়তা দিতে কতটা কার্যকর হতে পারে।










