তিন মিডিয়া জায়ান্ট ওয়াল্ট ডিজনি, ফক্স ও ওয়ার্নার ব্রোসডট ডিসকভারির সমন্বিত উদ্যোগে তৈরি নতুন স্পোর্টস স্ট্রিমিং পরিষেবার উন্মোচন সাময়িক বন্ধে আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। তাদের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্টের অভিযোগ আনা হয়েছে। খবর রয়টার্স। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পোর্টস স্ট্রিমিং পরিষেবা ফুবোটিভি (ফুবোডটএন) মিডিয়া জায়ান্ট তিনটির বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট অনুশীলনের অভিযোগ এনে মামলা করে। মামলায় বলা হয়, বড় মিডিয়া কোম্পানিগুলো প্রতিযোগিতা সীমিত করার ও গ্রাহকদের জন্য দাম বাড়াতে অসচ্ছল পদ্ধতি ব্যবহার করছে। ফুবোটিভি বলেছে, নতুন পরিষেবা বাজারে এলে অন্যান্য কোম্পানির জন্য টিকে থাকা কঠিন হবে এবং গ্রাহকদের খরচ বেড়ে যাবে। অভিযোগের সম্ভাব্য সত্যতার বিবেচনায় আপাতত উন্মোচন বন্ধ রাখার আদেশ দেন বিচারক। তিনি জানান, মিডিয়া সংস্থাগুলোর বিরুদ্ধে করা ফুবোর এ মামলা জেতার সুযোগ রয়েছে।

সাধারণত তরুণ ক্রীড়াপ্রেমী যারা টেলিভিশনে খেলা দেখে না তাদের টার্গেট করে মিডিয়া জায়ান্ট তিনটি ‘ভেনু স্পোর্টস’ নামের পরিষেবা বাজারে আনার পরিকল্পনা করে। মাত্র একটি অ্যাপে উপভোগ করা যাবে হাজারো পেশাদার ও কলেজ পর্যায়ের ক্রীড়া আয়োজনের লাইভ। পরিবেষাটি চলতি মাসে উন্মোচন হতে পারে বলে জানা যায়। তবে এখন তা আপাতত হচ্ছে না।

মার্কিন জেলা জজ মার্গারেট উল্লেখ করেন, যৌথ উদ্যোগটি শুরু করার অনুমতি দেয়া হলে ক্রীড়াবিষয়ক চ্যানেলের ক্ষেত্রে এটিই হবে একমাত্র বিকল্প। যারা পছন্দ অনুযায়ী লাইভ চ্যানেলের জন্য খরচ করতে চান তারা আর অন্য কোনো পরিষেবার দিকে এগোবেন না। এতে বাজারে একচেটিয়া প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।

মিডিয়া জায়ান্ট তিনটি এক বিবৃতিতে বলেছে, তারা বিশ্বাস করে ফুবোর দাবি ভুল এবং তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে।