কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ডিপসিক। মাসিক ওয়েবসাইট ভিজিটের হিসাবে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে পেছনে ফেলেছে চীনা চ্যাটবটটি। খবর গিজচায়না।

এআই বিশ্লেষণ প্লাটফর্ম এআইটুলসডটএক্সওয়াইজেডের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিপসিকের ওয়েবসাইট ভিজিট ছিল ৫২ কোটি ৫০ লাখ, যা চ্যাটজিপিটির ৫০ কোটির তুলনায় বেশি।

বর্তমানে বৈশ্বিক এআই বাজারে ডিপসিকের হিস্যা ৬ দশমিক ৫৮ শতাংশ। অন্যদিকে ৪৩ দশমিক ১৬ শতাংশ হিস্যা নিয়ে চ্যাটজিপিটি শীর্ষে এবং ৮ দশমিক ২৭ শতাংশ শেয়ার নিয়ে ক্যানভা দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন, তুলনামূলকভাবে নতুন হলেও ডিপসিকের এ দ্রুত জনপ্রিয়তা এআই প্লাটফর্মের পছন্দ পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে।

চলতি বছরের শুরু থেকেই প্রযুক্তি খাতে ডিপসিক বেশ আলোচনায় আসে। জানুয়ারির শেষের দিকে এটি চীন ও যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ হিসেবে জায়গা করে নেয়। এ সময় চ্যাটবটটি মার্কিন র‌্যাংকিংয়ে চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যায়।

কোয়েস্টমোবাইলের তথ্যানুযায়ী, গত ২৮ জানুয়ারি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর দিক থেকে ডিপসিক চ্যাটজিপিটিকেও ছাড়িয়ে যায়। ১ ফেব্রুয়ারির মধ্যে এর ব্যবহারকারী পৌঁছায় তিন কোটিতে। অল্প সময়ের মধ্যে এত বেশি ব্যবহারকারী অর্জন প্রযুক্তি খাতে বিরল ঘটনা বলে মত দেন বিশেষজ্ঞরা।

গত জানুয়ারিতে উন্মোচনের পর পরই প্রযুক্তিজগতে আলোড়ন তোলে চীনা ডিপসিকের এআই মডেল আর১। কীভাবে রাতারাতি একটি প্রতিষ্ঠান স্বল্প সময়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে, সে বিষয়ে প্রযুক্তিসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা এখনো চলমান। তাদের মতে ডিপসিকের উত্থান এআই বাজারের পরিবর্তনকে তুলে ধরে। ওপেনএআই চ্যাটজিপিটির মাধ্যমে এখনো শীর্ষ তালিকাভুক্ত থাকলেও নতুন মডেলগুলো ব্যবহারকারীদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করছে। ডিপসিকের মতো নতুন প্রতিযোগীদের আবির্ভাব এআই বাজারকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলছে। তাই চ্যাটজিপিটির সঙ্গে ডিপসিকের দীর্ঘমেয়াদে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে, তা সময়ই বলে দেবে। তবে এর দ্রুত উন্নতি প্রমাণ করে, এআই প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।

উল্লেখ্য, মডেল প্রশিক্ষণের জন্য ডিপসিক নিজস্ব ডাটা সেন্টার তৈরি করলেও যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ডিপসিকের দাবি, নিষেধাজ্ঞার ফলে ডিপসিককে এআই মডেল প্রশিক্ষণের জন্য কম শক্তিশালী এনভিডিয়া এইচ৮০০ চিপ ব্যবহার করতে হয়, যেখানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আরো শক্তিশালী এইচ১০০ চিপ ব্যবহার করতে পারে।